Image description

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মহসীন বলেছেন, সংসদ সদস্য হওয়া মানে কোনোভাবেই জমিদারি কায়েম করা নয়; বরং জনগণের আমানতের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করা। তিনি বলেন, ‘আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে আমাদের মূল কর্মসূচি হবে ‘এমপি সাহেব হিসাব দাও’।
বাঞ্ছারামপুরের জন্য সকল বরাদ্দ ও ব্যয় আমি বিলবোর্ডে জনগণের দেখার সুবিধার্থে তা টানিয়ে দেব।’

আজ রবিবার (১ ফেব্রুয়ারি ) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউপি কমপ্লেক্স  মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মহসীন বলেন, দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি—ভোট শেষ হলে জনপ্রতিনিধিদের আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি আপনাদের সামনে দৃঢ় অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ আমার পেটে কিংবা আমার পরিবারের পেটে জনগণের একটি অবৈধ টাকাও প্রবেশ করবে না। জনগণের আমানতের খেয়ানত করা আমার দ্বারা সম্ভব নয়।

তিনি আরো বলেন, সুশাসনের অভাবে দেশে দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, যা একটি মরণব্যাধিতে পরিণত হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়; বরং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আল্লাহ ভীরু, সৎ ও আমানতদার নেতৃত্ব সংসদে গেলে জনগণের অধিকার ফিরবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। 

 

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেন, আপনারা যদি আল্লাহ ভীরু, আমানতদার ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব চান, তাহলে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আপনাদের মূল্যবান ভোট দিন। আমরা ভোটের মর্যাদা রক্ষা করব এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না।

তিনি আরো বলেন, ‘জনগণের ভোটে বিজয়ী হলে সবাইকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনায় ভূমিকা রাখতে চাই।’

পাহাড়িয়াকান্দি ইউনিয়নের মো. এনামুল হকের সভাপতিত্বে নির্বাচনী সভায় উপজেলা জামায়াত নেতা মাসুদুর রহমান, ছাত্রশিবিরের সভাপতি মো. মাহিমুর রহমান, পৌর মেয়র পদপ্রার্থী নূর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।