Image description

নানা নাটকীয়তার পর অবশেষে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মুহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া। 

এর আগে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী শাহজাহান শিবলীকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। সে অনুযায়ী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বোনের অসুস্থতার কারণ দেখিয়ে জেলা নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করতে ব্যর্থ হয়েছিলেন।

পরবর্তীতে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও পরিস্থিতির পরিবর্তনে আবারও নির্বাচনে ফেরার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে ড. মুহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের পক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার জানান, আমরা এখন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ শুরু করতে চাই।

এদিকে গত ৩১ জানুয়ারি ১১ দলীয় জোটের এনসিপির সহযোগী সংগঠন যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন ও ড. মুহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া যৌথভাবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার আহ্বান জানান। এ সময় সোনারগাঁওয়ে জোটের সমর্থকদের নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি মিছিলও অনুষ্ঠিত হয়

নির্বাচনী মাঠে এই সিদ্ধান্ত পরিবর্তন ও রাজনৈতিক অবস্থান নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।