ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো নারী প্রার্থী না দেওয়ায় বিষয়টি নিয়ে ব্যাখ্যা নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন। একই সঙ্গে নির্বাচনে নারীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ বিষয়ে জেলা পর্যায়ে নারীদের সঙ্গে কথা বলে মতামত নিয়েছেন তারা।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর জেলা জামায়াত কার্যালয়ে এক বৈঠকে নারী দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করেন ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক লার্স প্লাজম্যান ও মাজা হুরালিমান।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বৈঠকে মহিলা জামায়াতের বিভিন্ন বিভাগের নারী নেত্রীদের সঙ্গে এ আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা জামায়াতের কুমিল্লা অঞ্চলের সহকারী সেক্রেটারি ফেরদৌসী সুলতানা, চাঁদপুর জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারজানা আক্তার ও আয়েশা সিদ্দিকা, পৌর মহিলা জামায়াতের সেক্রেটারি মানসুরা আক্তার এবং পেশাজীবী মহিলা বিভাগের নেতা নাসরিন সুলতানা।
ইইউর সঙ্গে বৈঠক শেষে জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি ফারজানা আক্তার বলেন, ইইউর প্রতিনিধি দল জানতে চেয়েছে নির্বাচনে নারীদের পক্ষ থেকে তারা প্রতিনিধিত্ব করছেন কিনা এবং ভবিষ্যতেও করবেন কিনা। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকায় এর কারণ ও প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে মহিলা জামায়াতের পরিচয়ে সমাজে কথা বলার মতো পরিবেশ ছিল না।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মহিলা জামায়াতের অংশগ্রহণ নিশ্চিত করে এবং তাদের মতামতকে গুরুত্ব দেয়। যোগ্যতার বিচারে নারীরা কোনো অংশে পিছিয়ে থাকবে না।
ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক সদস্যরা জানান, তাদের কার্যক্রমের অংশ হিসেবে তারা জামায়াতের নারী বিভাগ, শিক্ষার্থী ও জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের সঙ্গে পৃথক বৈঠকে কথা বলছেন।