শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও রাজনৈতিক অনিশ্চয়তায় বাংলাদেশ থেকে তৈরি পোশাকের অর্ডার সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। বাংলাদেশের তৈরি পোশাক কারখানার তিন মালিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, জারা, এইচঅ্যান্ডএমসহ বিভিন্ন বৈশ্বিক ব্র্যান্ড নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ অন্য দেশে সরিয়ে নিয়েছে। আর এসব ক্রয়াদেশের বড় অংশ যাচ্ছে প্রতিবেশী ভারতে।
১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন মার্কিন ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। এতে বাংলাদেশের তৈরি পোশাক খাত বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বর্তমান অস্থিরতা কেটে গেলেও ক্রয়াদেশ স্থানান্তরের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা তিন মালিকের।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী রয়টার্সকে বলেছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বিদ্যুৎ-গ্যাসসহ বিভিন্ন পরিষেবার ব্যয় ও কাঁচামালের দাম বৃদ্ধির কারণে পোশাক প্রস্তুতকারকদের ওপর চাপ বাড়ছে। ক্রেতারা যখন পণ্যের দাম কমানোর চাপ দিচ্ছেন এবং অন্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, ঠিক সেই সময়ে মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন খরচ আরও বেড়েছে।
ক্রয়াদেশ সরিয়ে নেওয়া ব্র্যান্ডগুলোর নাম প্রকাশ করতে চাননি বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তবে রয়টার্সকে তিনি বলেছেন, ‘সাময়িকভাবে কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে আমাদের সম্পর্ক ধরে রাখার পাশাপাশি আর্থিক ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হচ্ছে।’
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। দেশের উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থানও এই শিল্পের ওপর নির্ভরশীল। এক সময় কম খরচে পোশাক উৎপাদনের সুবিধার কারণে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয় বাংলাদেশ। কিন্তু এখন উৎপাদন ব্যয় বাড়ায় আন্তর্জাতিক ক্রেতারা বিকল্প দেশ খুঁজছেন বলে মনে করেন পোশাক মালিকরা। বিজিএমইএর হিসাবে, সাম্প্রতিক শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষের কারণে পোশাক উৎপাদনে ৪০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে।
বিভিন্ন দেশে যাচ্ছে ক্রয়াদেশ, সবচেয়ে লাভবান ভারত
রয়টার্স বলছে, বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া পোশাকের অর্ডারের সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত। তবে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিতে আন্তর্জাতিক ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।
গত ২৫ নভেম্বর বাংলাদেশ সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে গত চার দশকের মধ্যে এটিই ছিল সবচেয়ে কম হারে মজুরি বৃদ্ধি। শ্রমিকরা মজুরি দ্বিগুণের বেশি বাড়ানোর দাবি করেছিলেন। সেই দাবি পূরণ না হওয়ায় নতুন করে শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধির সিদ্ধান্তকে ‘সন্তোষজনক’ উল্লেখ করেছেন। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
পোশাক শিল্পের নেতাদের মতে, মজুরি বাড়ানোর ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রম ব্যয়ের যে সুবিধা ছিল, তা আরও কমে যাবে। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, আন্তর্জাতিক পোশাকশিল্পের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি এখনো অনেক কম।
নাম প্রকাশ না করে তিন কারখানা মালিক রয়টার্সকে জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার, সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে তাদের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এসব ক্রয়াদেশের বড় অংশ পেয়েছে ভারত।
তবে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এই বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দিতে রাজি হয়নি। মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম এবং সেলিওর কাছ থেকেও কোনো মন্তব্য পায়নি।
এদিকে, ভারতের বস্ত্র খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দেশটির গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম সর্বোচ্চ ১১ শতাংশ বেড়েছে। ট্রাইডেন্টের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ারের দাম প্রায় ২ শতাংশ হারে বেড়েছে।
সূত্র: রয়টার্স