মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তার জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের গভীর যোগসাজশ ছিল বলে দাবি করা হয়েছে নতুন এক বইয়ে। মার্কিন প্রবীণ সাংবাদিক ম্যাথিউ কোলের লেখা ‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদস সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট’শীর্ষক বইটি গত মাসে প্রকাশিত হয়েছে।
বইয়ের সবচেয়ে বিস্ফোরক দাবিটি হলো, সৌদি ও আমিরাত সরকারের কাছ থেকে কুশনার প্রায় ২০০ কোটি (দুই বিলিয়ন) ডলার পেয়েছেন। এর মধ্যে আমিরাতের দাতব্য সংস্থা ‘ওয়াতানি আল এমিরেট ফাউন্ডেশন-এর মাধ্যমে ফার্স্ট আবুধাবি ব্যাংকে রাখা ৭৫ কোটি ডলারও রয়েছে। আপাতদৃষ্টে আমিরাতের নাগরিক কর্মসূচিতে সহায়তার কথা বলা হলেও বাস্তবে এই অর্থ দেশটির অস্ত্র ক্রয় ও গোপন সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে।
বর্তমানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ট্রাম্পের দূত হিসেবে দায়িত্ব পালন করা কুশনার এসব দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। তবে নিউইয়র্ক টাইমস বলেছে, নতুন বছরে বিরোধী দল ডেমোক্র্যাট কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে কুশনারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ তদন্ত করার দাবি করেছে।
বইয়ের সূত্রগুলো নাম প্রকাশে অনিচ্ছুক। একইসঙ্গে এসব দাবির সবকটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। আমিরাত ও সৌদি রাজপরিবার এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
বইটির পাঁচটি উল্লেখযোগ্য দাবি নিচে তুলে ধরা হলো
দুই দেশের ক্ষমতার শীর্ষ পদের লড়াইয়ে সমকামিতার অস্ত্র ব্যবহার
নব্বইয়ের দশকে আমিরাতের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তার ভাই ও সিংহাসনের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদকে দক্ষিণ ইউরোপের একটি হোটেল কক্ষে সমকামী যৌনতায় লিপ্ত অবস্থায় ভিডিও করার জন্য দুই সিরীয় নাগরিককে ভাড়া করেছিলেন। পরে খলিফাকে বিব্রত করতে রুশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে সেই টেপ তিনি তাদের বাবা ও আমিরাতের প্রতিষ্ঠাতা জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের কাছে পাঠান।
কোল লিখেছেন, জায়েদ বিন সুলতান বুঝতে পেরেছিলেন যে মোহাম্মদ তার ভাইকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন, তবে তিনি মোহাম্মদের ‘ধূর্ততার’প্রশংসা করেছিলেন এবং ‘মজা পেয়েছিলেন’।
কোল বলেন, ‘আল নাহিয়ান পরিবারের ভেতরে মোহাম্মদের এই ব্ল্যাকমেলের চেষ্টাকে আমিরাত শাসনের ক্ষেত্রে তার উচ্চাকাঙ্ক্ষার প্রাথমিক লক্ষণ হিসেবে দেখা হতে থাকে।’
এ ছাড়া সৌদি আরবের সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধেও কথিত সমকামিতার অভিযোগ তুলে মোহাম্মদ বিন জায়েদ যুক্তরাষ্ট্রে তদবির করেছিলেন বলে বইয়ে দাবি করা হয়েছে।
ভাইকে মাদক দিয়ে অক্ষম করে রেখেছিলেন আমিরাতি শাসক?
২০০৪ সালে বাবার মৃত্যুর পর খলিফা বিন জায়েদ আমিরাতের প্রেসিডেন্ট হলেও বাস্তবে তিনি আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের ওপর নির্ভরশীল ছিলেন। গণমাধ্যমে বলা হতো, ২০১৪ সালে স্ট্রোক করার পর তিনি স্বেচ্ছায় আড়ালে চলে যান।
কিন্তু কোলের দাবি, খলিফা অনেক আগে থেকেই মদ্যপান ও ‘অশনাক্ত মানসিক অসুস্থতায়’ ভুগছিলেন। ২০০৩ সালে মোহাম্মদ বিন জায়েদ আবুধাবির উপ-যুবরাজ হওয়ার সময় থেকেই ভাইকে এমন চিকিৎসা দিচ্ছিলেন, যা তাকে অক্ষম করে ফেলেছিল।
কোল লেখেন, ‘চিকিৎসার ফলে খলিফা আচ্ছন্ন অবস্থায় ছিলেন, যা শেষ পর্যন্ত স্নায়ুর ক্ষতির কারণ হয়।’
এক মার্কিন নার্সের সহায়তায় মোহাম্মদ বিন জায়েদ নিজ ভাইকে জোর করে এই চিকিৎসা দিতেন বলে বইয়ে উল্লেখ করা হয়েছে। বইয়ের দাবি অনুযায়ী, ওই নার্সের ভাতিজি লিসার সঙ্গে মোহাম্মদ বিন জায়েদের যৌন সম্পর্ক ছিল এবং তাদের একটি সন্তান দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বেড়ে উঠেছে।
সংযুক্ত আরব আমিরাতের এফ-১৬ যুদ্ধবিমানে ইসরায়েলি প্রযুক্তি
২০২০ সালের সেপ্টেম্বরে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রকাশ্যে আনার কয়েক দশক আগে থেকেই আমিরাতের সঙ্গে দেশটির গোপন নিরাপত্তা সম্পর্ক ছিল। কোল জানান, ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতির কারণে বাবা জায়েদ বিন সুলতান ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ হতে অনীহা দেখালেও নব্বইয়ের দশক থেকেই মোহাম্মদ বিন জায়েদ ইসরায়েলে মুগ্ধ ছিলেন।
১৯৯৮ সালে অ্যাভিয়েশন উইক সাময়িকীতে ইসরায়েলি সফটওয়্যারযুক্ত নতুন এফ-১৬ যুদ্ধবিমানের কথা পড়ে তিনি বাবাকে সেগুলো কিনতে রাজি করান। ক্লিনটন প্রশাসনের মধ্যস্থতায় গোপন আলোচনার পর ইসরায়েলি সফটওয়্যারযুক্ত ৮০টি বিমান কিনতে সম্মত হয় আমিরাত।
নির্যাতনে লেখকের মৃত্যু
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধিতা করে কলাম লেখায় ২০১৯ সালে আমিরাতি কবি হাবিব আল সায়েঘকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল বলে কোল লিখেছেন। সায়েঘ আমিরাতের অভিজাত মহলের সদস্য এবং আরব রাইটার্স ইউনিয়নের মহাসচিব ছিলেন। সতর্কতা সত্ত্বেও ২০১৯ সালের আগস্টে তিনি ‘ইসরায়েল ইজ আওয়ার রিয়েল এনিমি অ্যান্ড আ ডেঞ্জারাস প্রজেক্ট’শিরোনামে একটি নিবন্ধ লেখেন।
কোলের ভাষ্যমতে, নিবন্ধটি প্রকাশের পর মোহাম্মদ বিন জায়েদের নির্দেশে নিরাপত্তা কর্মকর্তারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। একজন কর্মকর্তা প্লায়ার্স দিয়ে তার বেশ কয়েকটি দাঁত উপড়ে ফেলেন এবং অন্যজন ধারালো ধাতব বস্তু লাগানো বেল্ট দিয়ে তাকে পেটান। তিন দিন ধরে নির্যাতনের পর তার মৃত্যু হলে মোহাম্মদ বিন জায়েদের এক ঘনিষ্ঠ সহযোগী লাশ ‘প্রায় অচেনা’ বলে বর্ণনা করেন।
কোল লিখেছেন, কুশনার ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মোহাম্মদ বিন জায়েদ যে কূটনৈতিক চুক্তি নিয়ে আলোচনা করছিলেন, সায়েঘের বিরোধিতা তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ওই পরিকল্পনায় অধিকৃত পশ্চিম তীরের ৩০ লাখ ফিলিস্তিনির অধিকাংশকে জর্ডানে পাঠিয়ে দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাধ্যমে একটি খণ্ডিত ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির কথা ভাবা হয়েছিল।
জ্যারেড কুশনার ও টম ব্যারাকের দ্বন্দ্ব
বইটিতে ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বর্তমানে তুরস্কে মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাকের সঙ্গে কুশনারের দ্বন্দ্বের কথাও উঠে এসেছে। কোলের মতে, ব্যারাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপ পুনর্গঠনের ‘মার্শাল প্ল্যান’-এর আদলে আবুধাবি ও রিয়াদের অর্থায়নে মধ্যপ্রাচ্যের জন্য একটি পরিকল্পনা করতে চেয়েছিলেন। কিন্তু কুশনার তাকে কেবল ‘মিসরীয় অংশ’ সামলানোর অনুমতি দেন।
কোল লিখেছেন, ‘ব্যারাকের প্রতি বার্তাটি ছিল স্পষ্ট, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ সঙ্গে হোয়াইট হাউসের সম্পর্ক কুশনার কারও সঙ্গে ভাগ করবেন না।’
এ ছাড়া ২০১৭ সালের জুনে সৌদি আরব ও আমিরাত প্রতিবেশী দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করলে লবিংয়ের মুখে কুশনার তাতে সমর্থন দেন। তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে মিলে ট্রাম্পকে সেই অবরোধ সমর্থন না দিতে চাপ দিয়েছিলেন ব্যারাক।