আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার (২৯ নভেম্বর) থেকে টানা তিন দিন ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগ এবং দলটির নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের চার শরিক দলকে এ সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।
নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী, ২৯ নভেম্বর প্রথম দিন ১৮টি, ৩০ নভেম্বর দ্বিতীয় দিন ১৯টি এবং ১ ডিসেম্বর শেষ দিন আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময় হবে। প্রতিটি দল থেকে দুজন প্রতিনিধিকে সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৭ সালের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। এ উদ্দেশ্যে দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সভায় সভাপতিত্ব করবেন। নির্বাচন কমিশনাররাও এতে উপস্থিত থাকবেন।
ইসির তালিকা অনুযায়ী, প্রথম দিন সংলাপে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
দ্বিতীয় দিন বিএনপিসহ ১৯টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। অন্য দলগুলো হলো গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।
শেষ দিন ১৮টি দলের মধ্যে রয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, বাংলাদেশ সুপ্রিম পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
ইসি সূত্র জানায়, বর্তমানে কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।
এর আগে গত মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ২৯ নভেম্বর, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক বৈঠক করবে ইসি।
কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউপি নির্বাচন শেষে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনও সম্পন্ন করতে চায় কমিশন।
ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম শেষ করা হবে। সংশ্লিষ্ট এলাকার জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করবেন।