Image description

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতৃত্ব নির্বাচনে এবার ভোটের আয়োজন করা হচ্ছে। আসন্ন জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় শীর্ষ চার পদ—সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচনে ভোটগ্রহণের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে দলটি।

২০২৭ সালের ২ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সম্মেলনের দিন এ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফলও প্রকাশ করা হবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর আসাদগেটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন জাগপার প্রেসিডিয়াম সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার ভিপি মোহাম্মদ মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন—জাগপার প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ঢাকা মহানগর যুব জাগপার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, সম্মেলনের দিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গঠনতন্ত্র অনুসারে দলের প্রেসিডিয়াম কমিটি, কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা কমিটি এবং সব জেলা ও মহানগর শাখার প্রতিনিধিরা ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে শীর্ষ চার পদে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন বর্তমান কেন্দ্রীয় কমিটি ও প্রেসিডিয়াম কমিটির সদস্যরা।

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা ১১ ও ১২ ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসাদগেটে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ ডিসেম্বর। এরপর ১৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা ১৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ পাবেন।

নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপ্রক্রিয়া সম্পন্ন করে সম্মেলনের দিন ভোটের মাধ্যমে দলের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করা হবে।

পদভেদে মনোনয়ন ফি নির্ধারণ

নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের ভোটার তালিকাভুক্ত একজন প্রস্তাবক ও একজন সমর্থকের পরিচয় এবং স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্রের মূল্য সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদের জন্য এক লাখ টাকা করে, সাধারণ সম্পাদক পদের জন্য ৫০ হাজার টাকা এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রার্থীদের জাগপার নির্ধারিত তফসিলি ব্যাংক অ্যাকাউন্টে মনোনয়ন ফি জমা দিতে হবে। মনোনয়নপত্রের সঙ্গে ফি জমার রসিদও প্রমাণক হিসেবে সংযুক্ত করতে হবে।

জাতীয় সম্মেলনকে সামনে রেখে শীর্ষ চার পদে নির্বাচনের এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে জাগপার কেন্দ্রীয় নেতৃত্ব নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এখন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, প্রার্থী বাছাই এবং প্রচারণার ধাপ পেরিয়ে সম্মেলনের দিন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নেবেন দলের নির্ধারিত ভোটাররা।