সাভারে পার্কিং করে রাখা ‘লাব্বাইক পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের অংশ ও অধিকাংশ আসন পুড়ে গেছে। তবে আগুনে ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে মহাসড়কের আরিচাগামী লেনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় আরিচাগামী লেনের পাশে লাব্বাইক পরিবহনের বাসটি পার্কিং করে রাখা ছিল। দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে। এ সময় বাসটি থেকে ব্যাপক ধোঁয়া বের হতে থাকে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে ততক্ষণে বাসের ভেতরের কাঠামো ও অধিকাংশ আসন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের জোরপুল এলাকায় পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। পরে তারা আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। বাসটিতে কোনো যাত্রী না থাকায় এ ঘটনায় কেউ হতাহত হননি।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, বাসে আগুন লাগার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা রয়েছে কি না কিংবা আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে মহাসড়ক ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।