Image description

দাবি করা চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা খুলনা মহানগরীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালিয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে লবণচরা থানা এলাকার একটি তুষকাঠ মিল ও চানাচুর ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে স্থানীয় সন্ত্রাসী বাহিনী প্রধান নুরাজিম লবণচরা থানা এলাকার হঠাৎ বাজারের তুষকাঠ মিলে চাঁদা দাবি করে আসছে। মালিকপক্ষ তাদের দাবি করা চাঁদা দিতে অস্বীকার করে। এর ফলে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিল লক্ষ্য করে এক রাউন্ড গুলি করা হয়। কিন্তু ভোরে সকালে ঘুমিয়ে থাকার কারণে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্রটি আরও জানায়, লবণচরা থানার হঠাৎ বাজারের পাশে রয়েছে শামসুর রহমানের চানাচুর ফ্যাক্টরি। দীর্ঘদিন ধরে ওই সন্ত্রাসী বাহিনী তার কাছেও চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে ওই বাহিনীর দুই সদস্য শুক্রবার ভোরে ফ্যাক্টরি লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

লবণচরা থানার সৈয়দ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে কেন এবং কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে। স্থানীয় লোকজন কেউ কোনও কথা বলছেন না। ফলে তদন্ত ধীরগতিতে চলছে। তবে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।