Image description

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আলেম-ওলামা ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্ধারিত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের অনুমতি না থাকা এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ সিদ্ধান্ত নেয়।

 

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

জানা গেছে, তাহেরীর আগমনের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় আলেম-ওলামা এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। একই সঙ্গে তাকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানান তারা।

 

এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না। তিনি সেখানে আসতে চাইলে পাল্টা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করা হতো।

 

অন্যদিকে, মাহফিলের আয়োজনে যুক্ত তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, যে কোনো কিছুর বিনিময়ে তারা তাহেরী হুজুরের মাহফিল আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন।

 

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

 

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।