প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান থাকলেও জুলাই সনদ এবং সংস্কার প্রশ্নে ছাড় দেবে না সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপে নিজেদের দাবিতে অনড় থাকবে দলটি।
গণভোটের রায় বাস্তবায়নই ঐক্যের শর্ত বলে জানিয়ে জামায়াত বলছে, জুলাই সনদ মেনে নিলে জাতীয় প্রশ্নে ফ্যাসিবাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে সরকারের পাশে থাকবে দলটি। তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক সময়-তারিখ নির্ধারিত হয়নি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী জরুরি বৈঠক। যাতে সভাপতিত্ব করছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের ব্যাপারে এই বৈঠকে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে জামায়াত।
বৈঠকের পর দলীয় মুখপাত্র ও সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এশিয়া পোস্টকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের ব্যাপারে আলোচনা চলছে জামায়াতের। এককভাবে নয়, ১১ দলকে নিয়ে একসঙ্গে বসতে চায় দলটি। সেই সঙ্গে নিরপেক্ষ ভ্যানুতে বসার প্রস্তাব জানিয়েছে জামায়াত। এনসিপির এককভাবে প্রধানমন্ত্রীর বৈঠকে অংশ নেওয়াকে কেন্দ্র করে জোটে কোনো অসন্তোষ নেই বলেও জানান তিনি।
একই বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার রাতে জানান, জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না। সরকার সংলাপের আহ্বান জানালে জামায়াত একা নয় ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের সমন্বয়ে যাবে বলেও জানান তিনি।
এদিকে জাতীয় ঐক্যের প্রশ্নে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে জামায়াত। এর আগে দলটির নীতিনির্ধারক ও কেন্দ্রীয় নেতারা বলেছেন, গণভোটের রায় মানলে সরকারের প্রত্যাশিত ঐক্য দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে। জুলাই সনদের পক্ষে ৭০ শতাংশ ভোটারের রায়কে কোনো রাজনৈতিক দলের ৫০ শতাংশ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কিংবা ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে অগ্রাহ্য করা যায় না। সংবিধান সংস্কার নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছে দলটি।
জামায়াত নেতাদের অভিমত, ঐক্যে দুর্বলতা তৈরি হওয়ায় নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট গোষ্ঠী সেই সুযোগ নিয়ে নাশকতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য চালাচ্ছে। তারা বলছেন, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনার বাস্তবায়ন এবং গণভোটে জনগণের দেওয়া রায়ের কার্যকারিতা নিশ্চিত করা। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম শুরু এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের মতো বিষয়গুলোও দাবির তালিকার সর্বাগ্রে রেখেছে দলটি।
এর আগে ১৮ নভেম্বর বৃহস্পতিবার চলমান সংকটে প্রধানমন্ত্রীকে সংলাপে বসার প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে জুলাই গণ-অভ্যুত্থানের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। তবে জোটের মতামতকে অগ্রাহ্য করে ‘আগ বাড়িয়ে’ প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে সংলাপে বসায় নাখোশ হয়েছে ১১ দলীয় জোটের বড় একটি অংশ।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপকে কেন্দ্র করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ৪ দিনের অস্ট্রেলিয়া সফর শেষে জরুরীভাবে ২৫ নভেম্বর দেশে ফিরেছেন। প্রাথমিক সফরসূচি অনুযায়ী, ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা ছিল। তবে অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ার ১ দিনের সফর বাতিল করে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরেন তিনি।
দলটি জানিয়েছে, চার দিনের অস্ট্রেলিয়া সফরে ডা. শফিকুর রহমান সিডনি ও দেশটির রাজধানী ক্যানবেরায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এসব কর্মসূচির মধ্যে ছিল প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময়। এতে বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, পেশাজীবী, শিক্ষাবিদ ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন।
গণভোটের রায় বাস্তবায়নই ঐক্যের প্রধান শর্ত উল্লেখ করেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াত স্পষ্ট দাবি জানাবে জুলাই সনদের আলোকে যে গণভোট হয়েছে তা মেনে নিতে হবে। আমরা মনে করি যে, এটা বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। ফলে জামায়াতের পক্ষ থেকে এ ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো ছাড় দিব না।
একই কথা বলেন জামায়াতে ইসলামীর মজলিশে শূরা সদস্য ও সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম। এশিয়া পোস্টকে তিনি বলেন, জুলাই সনদ বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত আকাঙ্ক্ষার জায়গা। এটি উপেক্ষা করা মানে জনগণের সঙ্গে বড় ধরনের প্রহসন। গণরায়ের প্রতি শ্রদ্ধার জায়গা থেকেই জামায়াত এ ব্যাপারে অনড় অবস্থান নিয়েছে।এটি মানতে তাদের বাধ্য করা হবে।
এদিকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটল ধরানোর ক্ষেত্রে সরকারেরই দুর্বলতা ছিল বলে জানান এহসানুল মাহবুব জোবায়ের। তিনি বলেন, সরকার প্রধান এবং তার ক্যাবিনেটের অনেকেই এ সমস্ত কথাবার্তা বলেছেন যেটা দায়িত্বশীল অবস্থান থেকে জাতি আশা করে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান খুবই দুর্বল এবং কার্যকর ভূমিকা সেটা আমরা দেখতে পাচ্ছি না। এর প্রতিবাদে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আমরা ৪০ দিনের কর্মসূচিগুলো দিয়েছি।
দেশের উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে টানা ৪০ দিনের কর্মসূচি পালন করছে জামায়াত। ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীসহ সব মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সমাবেশ-বিক্ষোভ, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প। পাশাপাশি ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী ও নারীদের নিয়ে পৃথক কর্মসূচি পালন করা হবে।