Image description

ময়মনসিংহের ত্রিশালে ইউটিউবে প্রকাশিত প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্ন মিলে যাওয়ায় অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত করেছে একাধিক বিদ্যালয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়। এ ছাড়া উপজেলার আশপাশের আরও কয়েকটি বিদ্যালয়ের প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আগের রাতেই ইউটিউবের একটি চ্যানেলে একই প্রশ্নপত্র প্রকাশিত হয়। বিষয়টি জানাজানি হলে পরীক্ষা শুরুর আগেই তা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।

 
 

নির্ধারিত সময়ে পরীক্ষা দিতে এসে স্থগিতের খবর জানতে পারে শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, পরে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে।

শুধু বাংলা দ্বিতীয় পত্র নয়, এর আগে অনুষ্ঠিত অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার আরও চারটি বিষয়ের প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল থাকার তথ্য পাওয়া গেছে। তবে ওই পরীক্ষাগুলো স্থগিত করা হয়নি। এ ছাড়া আশপাশের আরও কয়েকটি বিদ্যালয়ের প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল থাকার অভিযোগ রয়েছে। এতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণব্যবস্থার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্র একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রশ্নের সঙ্গে মিলে গেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা পরীক্ষা স্থগিত করেছি। পরবর্তী সময়ে নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষাটি নেওয়া হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র মিলে গেছে। এটি কীভাবে হলো, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খানের বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘এটি কোমলমতি শিক্ষার্থীদের এক ধরনের মানসিক আঘাত। প্রশ্নপত্র ইউটিউবে আসবে কেন? এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’