Image description

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অপসারণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

সংগঠনটির অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও সাইবার বুলিংয়ের পরিপ্রেক্ষিতে তাকে অন্যায্যভাবে প্রশাসনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি অদ্রি অংকুর ও সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধার বিরুদ্ধে সাম্প্রতিক অপপ্রচার কোনও বিচ্ছিন্ন ব্যক্তিগত আক্রমণ নয়। এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিসর সংকুচিত করা, ভিন্নমতাবলম্বী শিক্ষককে রাজনৈতিকভাবে কোণঠাসা করা এবং প্রতিক্রিয়াশীল ও ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর আধিপত্য প্রতিষ্ঠার বৃহত্তর প্রক্রিয়ার অংশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচারকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে একজন শিক্ষকের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলেও উল্লেখ করেন ছাত্র ইউনিয়নের নেতারা। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তির মর্যাদার ওপর আঘাত নয়, বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধি, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতির ওপরও সরাসরি আঘাত।

 

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক স্নিগ্ধার বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ ও নিরপেক্ষ প্রাতিষ্ঠানিক তদন্ত না করেই তাকে রাজনৈতিকভাবে চিহ্নিত করে সামাজিক বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিগত স্বৈরাচারী শাসনামলের দোসর বা অন্য কোনও রাজনৈতিক পরিচয়ের দোহাই দিয়ে কাউকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দোষী সাব্যস্ত করার সংস্কৃতি তারা প্রত্যাখ্যান করেন।

ছাত্র ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাকাঠামোর সুবিধাভোগী, নিপীড়নের সহযোগী ও গণতান্ত্রিক অধিকার হরণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ ও স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করার কার্যকর উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়নি। অথচ ওই সময়ে সুবিধাভোগী অনেক শিক্ষককে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রশাসনিক পদে বসানোর নজির রয়েছে।

বিবৃতিতে অধ্যাপক স্নিগ্ধার আন্দোলন-সংগ্রামে ভূমিকার কথাও তুলে ধরা হয়। 

এতে বলা হয়, তিনি শেখ হাসিনা সরকারবিরোধী আন্দোলন, বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যানবিরোধী আন্দোলন, ২০২৪ সালের ধর্ষণবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক অবস্থান ও সংগ্রামের ইতিহাস উপেক্ষা করে তাকে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক বয়ানের মুখোমুখি করার চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল।

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণতান্ত্রিক রূপান্তরের পরিবর্তে বিভিন্ন ক্ষেত্রে প্রতিক্রিয়াশীল সামাজিক শক্তির প্রভাব বিস্তারের প্রবণতা দেখা যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন ছাত্র ইউনিয়নের নেতারা। তাদের মতে, জনতার ক্ষোভ ও রাজনৈতিক আবেগকে কাজে লাগিয়ে বিচারবহির্ভূত সামাজিক শাস্তি, ব্যক্তিগত চরিত্রহনন এবং প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করার সংস্কৃতি গণতান্ত্রিক রূপান্তরের অংশ হতে পারে না।

বিবৃতিতে বলা হয়, কোনও অভিযোগের তদন্ত না করে রাজনৈতিক চাপের মুখে একজন শিক্ষককে প্রশাসনিক পদ থেকে অপসারণ করা হলে তা প্রশাসনের স্বাধীনতা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়কে নির্দেশ করে।

ছাত্র ইউনিয়ন মনে করে, বিশ্ববিদ্যালয় কোনও রাজনৈতিক গোষ্ঠী, মৌলবাদী শক্তি কিংবা স্বার্থান্বেষী মহলের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হতে পারে না। বিশ্ববিদ্যালয় হতে হবে মুক্তচিন্তা, যুক্তিবাদ, বিজ্ঞানমনস্কতা, গণতান্ত্রিক চর্চা ও প্রগতিশীল রাজনীতির উন্মুক্ত পরিসর। সেই পরিসর রক্ষার সংগ্রাম কোনও ব্যক্তির পক্ষে অবস্থান নেওয়ার বিষয় নয়, বরং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক অস্তিত্ব রক্ষার প্রশ্ন।