Image description
যশোরের বেনাপোলে দুই বিএনপি নেতা ও শ্রমিক নেতার ওপর ককটেল হামলার ঘটনায় স্থানীয় বিএনপির আট নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত করা হয়েছে আরও ১০ থেকে ১২ জনকে।
মতামত কলাম পড়ুন
 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেনাপোল পোর্ট থানায় মামলাটি করেন ককটেল বিস্ফোরণে আহত তবিবুর রহমান তবি (৫০)। মামলার বাদী তবিবুর রহমান তবি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি।
 
মামলার আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আশা (৩০), জামশের আলীর ছেলে বাবু (৩৫), ইসরাফিলের ছেলে চয়ন (২৭), মৃত হবি সরদারের ছেলে ইব্রাহিম (৪০) ও ইসরাফিল (৫৫), মৃত সোলেমান সরদারের ছেলে জামশের আলী (৬০), জামশের আলীর ছেলে বকুল (৩৫) এবং মৃত ছামাদের ছেলে আবদুল আহাদ (৬০)। মামলার ৮ নাম্বার আসামি আবদুল আহাদ বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর। ইসরাফিল সরদার বেনাপোল পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি। এছাড়া অন্য আসামিরা বিএনপি ও সহযোগী সংগঠনের সংক্রীয় কর্মী বলে জানা গেছে।
 
 
 
মামলার এজাহারে বাদী অভিযোগ করেছে, তবিবুর রহমান তবির সঙ্গে স্থানীয় কয়েকজনের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি তার সহযোগী লুকমান হোসেনকে (৫০) নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে নিজের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তাদের পথরোধ করেন।
 
এ সময় আবদুল আহাদের নির্দেশে আশা ও বাবু তাদের হত্যার উদ্দেশ্যে দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুর রহমানের ডান পায়ের বিভিন্ন স্থানে এবং লুকমান হোসেনের বাম পায়ের বিভিন্ন স্থানে আঘাত লাগে। বিস্ফোরণে তাদের ব্যবহৃত কালো রঙের ইয়ামাহা এফজেডএস-ভি২ মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, ‘এ ঘটনায় তবিবুর রহমান তবি বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেছেন। এই বিষয়ে কাউকে আটক করা হয়নি। আসামিদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’