Image description

ভারতের জম্মু ও কাশ্মীরে একটি অনুষ্ঠানে বন্দে মাতরম গাওয়ার তিন দিন পর ক্ষমা চেয়েছেন মুসলিম আলেমরা। তারা নিজেদের ভুল স্বীকার করে ‘আল্লাহর কাছে ক্ষমা’ প্রার্থনা করেছেন। বৃহস্পতিবার (৩৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় নেতারা বলেছেন, জাতীয় সংগীত বন্দে মাতরম গাওয়ার অনুষ্ঠানে অংশ নিয়ে তারা ভুল করেছেন। মুসলিম আলেমরা গানটির কয়েকটি স্তবককে মাতৃভূমিকে দেবীরূপে তুলে ধরা হয়েছে এবং হিন্দু দেবীদের উল্লেখ রয়েছে, যা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন।

 

অনুতাপ প্রকাশের অংশ হিসেবে আলেমরা কালিমা পাঠ করেন এবং ক্ষমা চেয়ে প্রার্থনা করেন। সোমবার শ্রীনগরে জম্মু ও কাশ্মীর ওয়াক্‌ফ বোর্ড আয়োজিত একটি অনুষ্ঠানে কয়েক ডজন ইমাম ও আলেম নিয়েছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তার সভাপতিত্বে সেখানে বন্দে মাতরমের ছয়টি স্তবকই পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন জম্মু ও কাশ্মীর ওয়াক্‌ফ বোর্ডের চেয়ারম্যান ও বিজেপি নেতা ড. দরকশান আন্দ্রাবিও।

ধর্মীয় নেতাদের অংশগ্রহণ এবং বন্দে মাতরম গাওয়া নিয়ে কাশ্মীরে তীব্র বিতর্ক তৈরি হয়। অনেক মুসলমান বিশ্বাস করেন, দেশকে ভালোবাসা আর দেশকে উপাসনা করা এক বিষয় নয়। তারা বলে থাকেন, ‘বন্দে মাতরম’ কথাটির অর্থ ‘মা, তোমাকে প্রণাম’। এতে মাতৃভূমিকে দেবীরূপে উপস্থাপন করা হয়েছে, যা ইসলামের একেশ্বরবাদের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

 

মিরওয়াইজ উমর ফারুকের নেতৃত্বাধীন বিভিন্ন ধর্মীয় সংগঠনের জোট মুত্তাহিদা মজলিস-ই-উলামাও শ্রীনগরে জম্মু ও কাশ্মীর ওয়াক্‌ফ বোর্ড আয়োজিত ওয়াক্‌ফ দিবসের অনুষ্ঠানে জাতীয় সংগীত বন্দে মাতরম পরিবেশনের তীব্র বিরোধিতা করেছে। তবে ধর্মীয় নেতাদের ক্ষমা প্রার্থনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ওয়াক্‌ফ বোর্ড।

এদিকে জাতীয় সংগীতের বিরোধিতার সমালোচনা করেছে বিজেপি। দলটির নেতা রবীন্দ্র রায়না বলেন, ‘কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতের মানুষ গর্বের সঙ্গে জাতীয় সংগীত গান। কাশ্মীরে বন্দে মাতরমকে যেভাবে সম্মান জানানো হচ্ছে, তাতে কেউ কেউ অসন্তুষ্ট। তারা অপপ্রচার চালাচ্ছে। এমনটা হওয়া উচিত নয়।’