প্রাণঘাতী এইচআইভি প্রতিরোধী যুগান্তকারী এক ইনজেকশনের সাশ্রয়ী সংস্করণের প্রথম চালান পেতে যাচ্ছে আফ্রিকার দেশ উগান্ডা। এর মধ্য দিয়ে মহাদেশজুড়ে ওষুধটির সহজলভ্যতা বৃদ্ধির নতুন আশা তৈরি হয়েছে; যেখানে এই রোগের প্রকোপ এখনো সবচেয়ে বেশি।
গ্লোবাল ফান্ড বলছে, ‘লেনাক্যাপাভির’ নামের এই জেনেরিক ওষুধটির প্রথম বৈশ্বিক চালান বুধবার জাম্বিয়ায় পৌঁছেছে। আগামী কয়েক দিনের মধ্যেই উগান্ডায় এর সরবরাহ শুরু হবে। বছরে দু’বার ইনজেকশন হিসেবে প্রয়োগযোগ্য এই ওষুধ এইচআইভি সংক্রমণ প্রতিরোধে প্রায় ১০০ শতাংশ কার্যকর এবং এর বার্ষিক খরচ জনপ্রতি মাত্র ৪০ ডলার হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এছাড়া আগামী বছরের শুরুতে জিম্বাবুয়েতে এই ওষুধের চালান পৌঁছানোর কথা রয়েছে এবং এরপর আরও কয়েকটি দেশ তা পাবে বলে আশা করা হচ্ছে। মার্কিন ওষুধ প্রস্তুতকারক জায়ান্ট প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেসের তৈরি মূল সংস্করণ আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে সহজলভ্য হওয়ার মাত্র এক বছর পরই এই জেনেরিক ওষুধটি বাজারে এসেছে।
যুক্তরাষ্ট্রে মূল সংস্করণটির বার্ষিক খরচ ছিল প্রায় ২৮ হাজার ডলার; যা উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ মানুষের নাগালের বাইরে। লেনাক্যাপাভির এইচআইভির সুরক্ষামূলক প্রোটিন আবরণকে নিশানা বানিয়ে কাজ করে এবং শরীরে ভাইরাসটির বংশবিস্তার ও সংক্রমণের ক্ষমতাকে বাধাগ্রস্ত করে।
২০২৪ সালে উগান্ডা ও দক্ষিণ আফ্রিকার ৫ হাজারের বেশি কিশোরী ও তরুণীর ওপর পরিচালিত এক যুগান্তকারী ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যায়, যারা এই ইনজেকশন নিয়েছিলেন, তাদের কেউই এইচআইভিতে আক্রান্ত হননি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, এই ইনজেকশনটি বর্তমানে প্রচলিত এইচআইভি প্রতিরোধী বড়ি বা ‘প্রি-এক্সপোজার প্রোফিল্যাক্সিসের’ (প্র্যাপ) তুলনায় বড় ধরনের সুবিধা দেয়। কারণ বড়ি প্রতিদিন খেতে হয় এবং এর সঙ্গে সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি জড়িয়ে থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০২৫ সালের জুলাইয়ে এইচআইভি প্রতিরোধের জন্য এই ওষুধ ব্যবহারের সুপারিশ করেছিল।
আফ্রিকায় এই ওষুধের সহজলভ্যতাকে এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ে ‘বড় সাফল্য’ হিসেবে অভিহিত করেছে গ্লোবাল ফান্ড। সংস্থাটি বলেছে, সাশ্রয়ী মূল্যের সরবরাহ সংক্রমণের ঝুঁকিতে থাকা আরও লাখ লাখ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। বুধবার এক বিবৃতিতে গ্লোবাল ফান্ড বলেছে, এই সরবরাহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে অত্যন্ত কার্যকর এবং মানসম্মত জেনেরিক এইচআইভি প্রতিরোধী ওষুধের প্রাপ্যতায় এক নজিরবিহীন গতি ও সম্প্রসারণের সূচনা করেছে।
গ্লোবাল ফান্ডের তথ্য অনুযায়ী, ১০টি দেশের ১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে লেনাক্যাপাভিরের প্রথম ডোজ নিয়েছেন। চলতি বছরের শেষ নাগাদ ২৪টি দেশ এই ওষুধের সরবরাহ পাবে বলে আশা করছে সংস্থাটি। পাশাপাশি মার্কিন সরকারের সঙ্গে কাজ করে ২০২৮ সালের শেষ নাগাদ অন্তত ৩০ লাখ মানুষের কাছে তা পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ১২০টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে এটি সহজলভ্য হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিশ্বব্যাপী এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের প্রায় দুই-তৃতীয়াংশই আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বাসিন্দা; যেখানে কিশোরী ও তরুণীরা আনুপাতিক হারের চেয়ে অনেক বেশি আক্রান্ত হচ্ছেন। বিশ্বে সবচেয়ে বেশি এইচআইভি পজিটিভ জনসংখ্যা রয়েছে দক্ষিণ আফ্রিকায়। সেখানে প্রায় ৮০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত। সাশ্রয়ী মূল্যের এই ইনজেকশন পেতে যাওয়া দেশগুলোর তালিকায় দক্ষিণ আফ্রিকাও রয়েছে।
ডব্লিউএইচও বলেছে, গত বছর বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ১০ লাখ মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছিলেন এবং এইচআইভিসংশ্লিষ্ট রোগে ৫ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে মার্কিন বৈদেশিক সহায়তায় ব্যাপক কাটছাঁটের ফলে আফ্রিকায় এইচআইভি মোকাবিলায় কয়েক দশকের অগ্রগতি ব্যাহত হতে পারে; এমন উদ্বেগের মাঝেই এই ওষুধের সরবরাহ শুরু হলো। আফ্রিকার অনেক দেশই প্রতিরোধ ও চিকিৎসার জন্য আন্তর্জাতিক তহবিলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। অন্যদিকে, ২০৩০ সালের মধ্যে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে এইডসের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ।
সূত্র: বিবিসি।