সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া বাজারে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর সংবাদ সম্মেলনের পর পাল্টা অভিযোগ তুলেছেন এস এম নজরুল ইসলাম। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছে। বিষয়টি নিয়ে আদালতে দেওয়ানি মামলাও চলমান রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বিরোধপূর্ণ জমিতে সংবাদ সম্মেলন করে মোস্তাফিজুর রহমান রেন্টু দাবি করেন, মাঝিয়াড়া মৌজায় তাদের পরিবারের কেনা ১১ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে। পরবর্তী সময়ে একই এলাকার জমি কাজী রেজাউল্লাহর কাছ থেকে উন্নয়ন প্রচেষ্টা ১২ শতক এবং এস এম নজরুল ইসলাম ১৩ শতক কেনেন। তার অভিযোগ, নজরুল ইসলাম তাদের জমি দখলের চেষ্টা করছেন। এ ছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে একাধিক মামলায় জড়ানো ও ক্রসফায়ারে হত্যার পরিকল্পনার অভিযোগও করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে এস এম নজরুল ইসলাম বলেন, রেন্টু প্রকৃত ঘটনা আড়াল করে তার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলেছেন। তার দাবি, রেন্টুর বাবা মোমিন উদ্দীন সরদার ও তার দুই চাচা ১৯৯৫ সালে কুঞ্জ বিহারী নন্দীর ওয়ারিশদের কাছ থেকে ১১ শতক জমি কেনেন। অন্যদিকে তিনি কাজী রেজাউল্লাহর কাছ থেকে ১৩ শতক জমি কিনেছেন। জরিপে তাদের জমির রেকর্ডও পৃথক খতিয়ানে রয়েছে।
নজরুল ইসলামের অভিযোগ, রেন্টুর বাবা ও চাচারা দলিলে উল্লেখিত জমির পরিবর্তে তার কেনা অংশ দখল করে নেন এবং জমির সীমানাপ্রাচীর ভেঙে ইট বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় কাজী রেজাউল্লাহ্ উচ্ছেদ তালা সহকারী জজ আদালতে অবৈধ দখল উচ্ছেদ মামলা করেছিলেন। যার নম্বর ১২৯/৯৯। বর্তমানে জমির মালিকানা ও বণ্টন নিয়ে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে তার করা ১২৮/২৪ নম্বর বাটোয়ারা মামলা চলমান রয়েছে বলে জানান তিনি।
রেন্টুর বিরুদ্ধে অর্ধশত মামলা দেওয়া ও ক্রসফায়ারে হত্যার পরিকল্পনার অভিযোগও অস্বীকার করেন নজরুল ইসলাম। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তিনি নিজেও রাজনৈতিক হয়রানি, হামলা ও হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। জমি নিয়ে বিরোধের সুষ্ঠু সমাধানের জন্য তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জেলা জামায়াত নেতাদের কাছেও লিখিত আবেদন করেছেন।
জমির প্রকৃত মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী দাবির বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় চূড়ান্ত নিষ্পত্তির বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিরোধপূর্ণ জমি মাপ জরিপের জন্য সম্প্রতি সাতক্ষীরা এডিএম আদালত থেকে থানার ওসির তত্ত্বাবধানে মাপ জরিপের নির্দেশনা দেয়। আদালতের নির্দেশে উভয়পক্ষকে নোটিশ প্রদান করে তালা থানা পুলিশ। তবে জামায়াত দলীয় প্রভাব বিস্তার করে পুলিশের নিকট থেকে সেই নোটিশও গ্রহণ করেননি এই যুব জামায়াত সভাপতি।
তালা থানা পুলিশের এমআই আমিরুজ্জামান মোল্লা বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত থেকে বিরোধপূর্ণ জমিটি পুলিশের তত্ত্বাবধানে উভয় পক্ষের আমীন দ্বারা মাপ জরিপের নির্দেশনা আসে। আমি নোটিশ প্রদান করতে গেলে মোস্তাফিজুর রহমান রেন্টু পক্ষ নোটিশ গ্রহণ করেননি। তারা এই নির্দেশনা মানতে রাজি নন। আমি ঘটনা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করেছি।