মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এ অঞ্চলে বিদেশি বাহিনীর উপস্থিতি নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে না; বরং উত্তেজনা বাড়িয়ে সংঘাতের পরিধি বিস্তৃত করবে। এ এ অঞ্চলে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সিউল।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে এক ফোনালাপে এ সতর্কবার্তা দেন আরাগচি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে চো হিউন আশ্বস্ত করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার নেই। এ অঞ্চলে সেনা পাঠানোরও পরিকল্পনা নেই সিউলের।
এ সময় আরাগচি শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও কাঠামো নিয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন। সংঘাত বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ পরিস্থিতিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান তিনি।
এর আগে চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া জানায়, সোমালিয়ার উপকূলে জলদস্যুবিরোধী টহল কার্যক্রম সম্প্রসারণ করে হরমুজ প্রণালির কাছাকাছি জলসীমায় নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল দেশটি।