অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জিয়াউল আহসানের অপরাধ সমুদ্রসমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরকণা। এত মানুষের জীবন কেড়ে নেওয়ার তুলনায় একবারের মৃত্যুদণ্ডও অতি সামান্য। তাই আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, তা প্রয়োগের আবেদন জানাচ্ছি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় দিনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি ট্রাইব্যুনালের কাছে জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদন জানান। একই সঙ্গে তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ হিসেবে দেওয়ারও আবেদন করেন।
যুক্তিতর্কে জিয়াউল আহসানকে নৃশংস খুনি, ঘৃণ্য বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্ব মানবতার কলঙ্ক হিসেবে অভিহিত করেন অ্যাটর্নি জেনারেল। তার বক্তব্যে উঠে আসে, রাষ্ট্রীয় ক্ষমতা ও দায়িত্বকে কীভাবে মানুষের জীবন কেড়ে নেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা এবং তাদের অস্তিত্ব গুম করে দেওয়ার মতো ভয়াবহ অপরাধের বিবরণ তুলে ধরেন তিনি।
রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘কোনো শাস্তিই হারিয়ে যাওয়া মানুষের জীবন ফিরিয়ে দিতে পারবে না। আদালতের কোনো রায়ই মায়ের কোলে সন্তানকে, স্ত্রীর কাছে স্বামীকে কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তাই বলে অপরাধের বিচার থেমে থাকতে পারে না। ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থেই এসব অপরাধের দায় নির্ধারণ এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা জরুরি।’
আদালতে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, ‘আসামির বিরুদ্ধে আনা অপরাধগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বেসামরিক জনগণের ওপর ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণের অংশ হিসেবে এসব অপরাধ সংঘটিত হয়েছে, যা আন্তর্জাতিক আইন এবং রোম স্ট্যাটিউট অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞার মধ্যে পড়ে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণ ও আইনি বিশ্লেষণের মাধ্যমে অপরাধের প্রয়োজনীয় উপাদানগুলো প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।’
গুমের অপরাধের ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, ‘গুম একটি চলমান অপরাধ। যারা এখনো ফিরে আসেননি, যাদের মরদেহ পর্যন্ত পাওয়া যায়নি, তাদের ক্ষেত্রে অপরাধের অবসান ঘটেনি। আসামি বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলেও এসব অপরাধের পরিণতি এখনো ভুক্তভোগী পরিবারগুলোকে বহন করতে হচ্ছে।’
অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, তিনি নিজে হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন, আবার অধস্তনদের নির্দেশ দিয়ে অপরাধ সংঘটনে বাধ্য করেছেন। ব্যক্তিগত, যৌথ এবং ঊর্ধ্বতন কমান্ডারের দায়, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’, সব ক্ষেত্রেই তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।
যুক্তিতর্কে অপরাধের ভয়াবহতা বোঝাতে তিনি বলেন, ‘একের পর এক মানুষকে তুলে নেওয়া হয়েছে, গোপনে আটকে রেখে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং গুম করে ফেলা হয়েছে। একজন রাষ্ট্রীয় কর্মকর্তার হাতে থাকা ক্ষমতা ব্যবহার করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়ার জন্য। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। তাদের স্বজনদের জীবনে যে অপূরণীয় ক্ষত তৈরি হয়েছে, কোনো শাস্তিই তা মুছে দিতে পারবে না।’
শাস্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে দার্শনিক হেগেল ও আইন দার্শনিক হার্বার্ট মরিসের বক্তব্য তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শাস্তি পাওয়া অপরাধীর অধিকার। অপরাধের শাস্তি নিশ্চিত করা না হলে অপরাধের শিকার মানুষ ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে রাষ্ট্রব্যবস্থা ও বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা ক্ষুণ্ন হবে। এ ধরনের নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হলে সভ্যতার অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে।’
মৃত্যুদণ্ডের আবেদন জানিয়ে তিনি বলেন, ‘অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা এবং মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় কোনো শাস্তিই যথেষ্ট নয়। এত মানুষের রক্তপাত, প্রাণহানি ও পরিবারগুলোর দীর্ঘদিনের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ডও অতি সামান্য। কিন্তু বিচারব্যবস্থার সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত সহস্র মানুষকে হত্যা করলেও তাকে একবারের বেশি চরম সাজা দেওয়া সম্ভব নয়। তাই আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, তা প্রয়োগের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাচ্ছি।’