Image description

গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় পুলিশ যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় এ ধরনের পদক্ষেপকে হয়রানিমূলক ও ন্যক্কারজনক বলে উল্লেখ করেছে দলটি।

আজ বুধবার দেওয়া এক বিবৃতিতে এনসিপি জানায়, বুধবার সকালে রাজধানীর গুলশান থানার একজন এসআই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় যান। মামলাটি ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় দায়ের করা হয়। মামলার বাদী নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল।

এনসিপির বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়েছিল। এসব মামলার কয়েকটিতে রায় ও সাজাও হয়েছে। দীর্ঘ সময় দুই দফায় কারাভোগ করতে হয়েছে তাকে। সর্বশেষ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনার ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় এ সাংবাদিককে।

এনসিপি জানায়, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। এর মধ্যে আইনমন্ত্রী জাতীয় সংসদে রাজনৈতিক বিবেচনায় ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহারের তথ্য জানিয়েছেন। এরপরও মাহমুদুর রহমানসহ আমার দেশ-এর সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো কীভাবে এখনো চলমান, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অবিলম্বে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে এনসিপি। একই সঙ্গে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নেপথ্যে কারা রয়েছেন, তা তদন্ত করে সংশ্লিষ্টদের পরিচয় ও ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।