মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াসংলগ্ন জেটিঘাট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
বিজিবির দীর্ঘ প্রচেষ্টা ও যোগাযোগের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, ফেরত আসা জেলেদের গ্রহণ করতে বৃহস্পতিবার দুপুর থেকেই টেকনাফের নির্ধারিত ট্রানজিট ঘাটে বিজিবির একটি দল অবস্থান নেয়। পরে বিকালে তাদের গ্রহণ করা হয়। পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে জেলেদের টেকনাফ থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। পুলিশ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের ফিরিয়ে আনতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগসহ নানা তৎপরতা চালিয়ে আসছিল বিজিবি। দীর্ঘ প্রচেষ্টার পর আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ৪১ জেলেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের সীমান্তসংলগ্ন মিয়ানমারের অধিকাংশ এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এ পরিস্থিতিতে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশি জেলেরা ওই গোষ্ঠীর সদস্যদের হাতে আটক হয়েছেন। তাদের দীর্ঘদিন মিয়ানমারে আটকে রাখা হয়েছিল।’
বিজিবির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ফেরত আসা ৪১ জনসহ ২০২৬ সালে এ পর্যন্ত ৩২৩ বাংলাদেশি জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিজিবির উদ্যোগ ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তাদের প্রত্যাবাসন সম্ভব হয়েছে। আটক জেলেদের অধিকাংশই গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে আটক হয়েছিলেন।
বিজিবি জানিয়েছে, মিয়ানমারে এখনো আটক থাকা অন্য বাংলাদেশি জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।