Image description

দৈনিক আমার দেশ সম্পাদক ও মজলুম জননেতা মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নামে পুলিশ পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি এ ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের পুরোনো অপসংস্কৃতিরই বহিঃপ্রকাশ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে কেবল সত্য প্রকাশ এবং দেশ ও ইসলামের পক্ষে আপসহীন অবস্থান নেওয়ার কারণে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে যেখানে ফ্যাসিস্ট আমলের রাজনৈতিক হয়রানিমূলক হাজার হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে, সেখানে খোদ উচ্চ আদালত কর্তৃক স্থগিতকৃত একটি পুরোনো মানহানি মামলার ওয়ারেন্ট তামিল করতে পুলিশ পাঠানো অত্যন্ত বিস্ময়কর ও উদ্দেশ্যপ্রণোদিত।

ঘটনার নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গতকাল বুধবার সকালে মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে একটি রাষ্ট্রীয় মতবিনিময় সভায় যোগ দিতে যাওয়ার প্রাক্কালে পুলিশের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধের পুরোনো অপসংস্কৃতিরই বহিঃপ্রকাশ। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সরকার ও দেশকে অস্থিতিশীল করার হীন উদ্দেশ্যেই এমন কাণ্ড ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী অবিলম্বে মাহমুদুর রহমানসহ দেশের আলেম-ওলামা, সাংবাদিক ও দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে বিগত শাসনামলে দায়ের করা সব ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা নিঃশর্তভাবে প্রত্যাহারের জোর দাবি জানান। পাশাপাশি স্থগিত মামলার ওয়ারেন্ট নিয়ে বাসায় গিয়ে হয়রানি করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।