ভারত থেকে ফিরে আসা নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে এক যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বহিষ্কৃত যুবদল নেতা আজহারুল ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তবে কুমিল্লা জেলা যুবদল বলছে, তিনি সংগঠনের একজন কর্মী মাত্র। তার কোনো সাংগঠনিক পদ নেই।
পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান মোশাররফ হোসেন মুন। সেখান থেকে দেশে ফিরে তিনি আজহারুলের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় এবং রক্ষায় ভূমিকা রাখার অভিযোগে আজহারুলকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে আজহারুলের সঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে খোকার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তিনি খোকার আপন খালাতো ভাই। এই আত্মীয়তার সূত্র ধরেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয় দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল কি না, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
তবে এ ঘটনায় আবুল কালাম আজাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু। তিনি বলেন, আবুল কালাম আজাদের সঙ্গে আজহারুলের আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে। তবে এ ঘটনায় খোকার কোনো ভূমিকা নেই। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ।
ফরিদ উদ্দিন শিবলু আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পরই আজহারুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এর মধ্যে ২০২৪ সালের ২৩ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। একই বছরের ২১ নভেম্বর সদর দক্ষিণ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, মঙ্গলবার দিনগত ৩টায় কুমিল্লা মহানগর নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।