Image description

খুলনায় গত ২৪ ঘণ্টায় মহানগর ও জেলা পুলিশের পৃথক অভিযানে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা উদ্ধার এবং ১৪টি যানবাহন আটক করা হয়েছে।

গত মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

আজ বৃহস্পতিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পুলিশের ৮টি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালায়। এসব অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চারটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

অন্যদিকে, খুলনা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার ৯টি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ৭৩৮টি যানবাহনে তল্লাশি চালানো হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা করা হয়েছে এবং ১০টি যানবাহন আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৭৫ পিস ইয়াবা।



খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।’