বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়তি সতর্কতা জারি করেছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশ যৌথভাবে সীমান্ত এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করেছে।
ইতোমধ্যে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট পুলিশ জেলার বাংলাদেশ সীমান্তসংলগ্ন বিভিন্ন সড়কে পুলিশের নাকাচেকিং (অস্থায়ী চেকপোস্ট) শুরু হয়েছে। বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তের বিপরীতে বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর অবস্থিত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এই সময় অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। অটো, টোটোসহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহন থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র ও গাড়িতে থাকা মালামাল পরীক্ষা করছেন পুলিশ সদস্যরা। সন্দেহজনক কিছু নজরে এলে চালানো হচ্ছে বাড়তি তল্লাশি। পাশাপাশি সীমান্তসংলগ্ন সড়কগুলোতে যানবাহন চলাচলের ওপরও সার্বক্ষণিক নজর রাখছে পুলিশ।
স্থানীয় প্রশাসন সূত্রের বরাতে এই সময় জানায়, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর থেকেই সীমান্তবর্তী এলাকাগুলোতে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় বাহিনী যৌথভাবে কাজ করছে।
আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে দাবি ভারতীয় প্রশাসনের। বাংলাদেশের চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো দুষ্কৃতকারী বা সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে।
সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তল্লাশি ও নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত কর্তৃপক্ষ। তবে বসিরহাটের ঘোজাডাঙা স্থলবন্দরের বাণিজ্যে বাংলাদেশের পরিস্থিতির কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে দাবি করেছেন সেখানকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
নাকাতল্লাশি চলাকালে ঝাড়খণ্ড থেকে সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র টাকিতে বেড়াতে আসা বিকাশ সাহা নামে এক পর্যটক সংবাদমাধ্যম এই সময়কে বলেন, ‘সীমান্তের সড়কগুলোতে যেভাবে নাকাচেকিং (অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি) হচ্ছে, তাতে অনুপ্রবেশকারীরা দেশে ঢোকার সাহস পাবে না।’
ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন বসিরহাট মহকুমায় মোট ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে ৯১ কিলোমিটার নদীপথ এবং বাকি ৪৪ কিলোমিটার স্থলসীমান্ত। বসিরহাট পুলিশ জেলার ছয়টি থানা সরাসরি সীমান্তের সঙ্গে যুক্ত; স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও হেমনগর।