Image description

রাষ্ট্রীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) পদায়ন করা হয়েছে পদবি করা হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আসামি হিসেবে নাম আসা গাজী সাফায়েতের স্ত্রী মেহজাবিন আক্তার মুক্তির। টুঙ্গিপাড়া পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত মুক্তি আগে প্রতিষ্ঠানটিতে ভাণ্ডার সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। গত ২৩ নভেম্বর তাকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লার্ক পদে পদায়ন করা হয়। এ পদবি পরিবর্তনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইস সুপারিশ করেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজী সাফায়েতের বিরুদ্ধে গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর ও হামলার ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার অ্যাকাউন্ট থেকে প্রচারিত একটি লাইভ ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘টুঙ্গিপাড়া থানা এখন আমাদের দখলে, আমরা দখলে নিয়েছি।’ ভিডিওতে পেছনে ভাঙচুরের দৃশ্য দেখা যায়। পরে থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেহজাবিন আক্তার মুক্তি ইডিসিএলে ভান্ডার সাহায্যকারী হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার তার পদবি পরিবর্তন করে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লার্ক করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ পদায়নের ক্ষেত্রে এমডি দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইস সুপারিশ করেন।

এদিকে, ফেসবুকে মেহজাবিন আক্তার মুক্তির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি ও পোস্ট রয়েছে। এসব পোস্টে তাকে আওয়ামী লীগের ব্যানারে মিছিল, সভা ও সমাবেশে অংশ নিতে দেখা যায়। তার রাজনৈতিক পরিচয় এবং স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ইডিসিএলে পদবি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের একাংশ প্রশ্ন তুলেছেন।

তাদের প্রশ্ন, ভান্ডার সাহায্যকারী পদ থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্লার্ক পদে পদায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়োগবিধি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও পদোন্নতির নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না। নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার বাইরে বিশেষ বিবেচনায় এ পদবি পরিবর্তন করা হয়েছে কি না, তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের একাংশের দাবি, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। এ জন্য মেহজাবিন আক্তার মুক্তির পদবি পরিবর্তনের প্রক্রিয়া এবং প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইসের বিরুদ্ধে ওঠা সুপারিশের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রশাসনিক কর্মকর্তা বরকতুল রইসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।