রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর কোনো ধরনের হামলা না করার আহ্বান জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দলমত নির্বিশেষে জেলার সব শ্রেণি-পেশার গ্রাহকের প্রতি এই বিশেষ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, রাজনৈতিক অস্থিরতা বা অন্য কোনো কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা জরুরি মেরামত কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের লক্ষ্যবস্তু করা হলে পুরো ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি এড়াতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা সচল রাখতে বিদ্যুৎ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ।