Image description

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে বিএনপির সাবেক সংসদ সদস্য এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন কাদের চৌধুরীর বাবার নামে থাকা ‘ফজলুল কাদের চৌধুরী আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ’ আবারও আগের নামে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।  

জানা গেছে, ফজলুল কাদের চৌধুরীর নামে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার রহিমপুর ১৯৯০ সালে ‘ফজলুল কাদের চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করে তার পরিবার। ২০১৫ সালে সেটি কলেজে উন্নীত করে নাম হয় ‘ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ’। স্কুল শাখায় নার্সারি থেকে দশম শ্রেণি এবং কলেজ শাখায় একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পাঠদান চলে প্রতিষ্ঠানটিতে।

এর আগে, ২০১২ সালে স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনা, সড়ক, অবকাঠামোর নামকরণ স্থগিত চেয়ে ২০১২ সালে হাইকোর্টে একটি রিট (নম্বর ৫৫৩১/২০১২) দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুন এবং সাংবাদিক ও গবেষক শাহরিয়ার কবীর। শুনানি শেষে ২০১৬ সালের ৬ ডিসেম্বর আদালত রায় দেন। রায়ে ৬০ দিনের মধ্যে দেশের সকল প্রতিষ্ঠান/স্থাপনা হতে যুদ্ধাপরাধী, রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশনা দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে ‘ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ’ কর্তৃপক্ষকে দফায় দফায় চিঠি দেওয়া হয়। কিন্তু ফজলুল কাদের চৌধুরীকে সংক্ষিপ্ত করে ‘এফসি স্কুল অ্যান্ড কলেজ’ নামকরণ করে প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। এ নিয়ে সুরাহা না হওয়ায় ২০১২ ‍সালের রিটের প্রেক্ষিতে হাইকোর্টের আদেশ মেনে ২০২২ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদানের অনুমতি বাতিল করে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। স্কুল শাখার কার্যক্রম বন্ধেরও আলোচনা চলছিল। 

পরবর্তীতে ২০২৩ সালের ১৮ এপ্রিল প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কাজী আব্বাছ  আলী প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ’ নামে নামকরণের একটি আবেদন শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবর পাঠান। এর আগে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে এলাকার নামে নামকরণের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। হাটহাজারীর রহিমপুর এলাকার রুহুল্লাপুর গ্রামে প্রতিষ্ঠানটির অবস্থান। সে হিসেবে এলাকার নাম অনুসারে ‘রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ’ নামেই নামকরণের প্রস্তাবনা দেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। ওই বছরের ৯ জুলাই নাম পরিবর্তনের বিষয়ে মন্ত্রণালয় সম্মতি দিয়ে চিঠি দেন। সেই চিঠির প্রেক্ষিতে স্কুলটির নাম পরিবর্তন হয়ে ‘রহিমপুর আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নামে নামকরণ করে আদেশ জারি করা হয়।   

এর তিন বছর পর ২০২৬ সালের নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে বিএনপি থেকে নির্বাচিত হন ফজলুল কাদের চৌধুরীর নাতি ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমাম কাদের চৌধুরী। এরপরই আবারও প্রতিষ্ঠানটির নাম আগের নামে ফেরানোর আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়।