শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও বিচারবহির্ভূতভাবে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চেয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
পাশাপাশি সাবেক এ সেনা কর্মকর্তার সব সম্পদ বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়েছেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ১১৫ ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগের মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে অ্যাটর্নি জেনারেল এ আবেদন জানান।
যুক্তিতর্কে অ্যাটর্নি জেনারেল বলেছেন, প্রসিকিউশনে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও আইনি বিশ্লেষণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এসব অপরাধ বেসামরিক জনগণের ওপর ব্যাপক ও পদ্ধতিগত আক্রমণের অংশ, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ।
গুম একটি চলমান অপরাধ বলেও যুক্তিতে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।
রুহুল কুদ্দুস কাজল বললেন, আসামি নিজে হত্যাকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি অধস্তনদের নির্দেশ দিয়ে অপরাধ সংঘটিত করেছেন।
‘ব্যক্তিগত, যৌথ ও সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির দায়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।’
প্রসিকিউশন সব অভিযোগে আসামিকে দোষী সাব্যস্ত করার মতো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল।
সাজার বিষয়ে তিনি বলেন, একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা ও মরদেহ গুম করার মতো অপরাধের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। এসব ঘটনায় অসংখ্য পরিবার তাদের স্বজন হারিয়েছে। কোনো সাজাই তাদের হারানো মানুষ ফিরিয়ে দিতে পারবে না, তবে অপরাধের বিচার হওয়া জরুরি।
অপরাধের সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনে এর ভয়াবহ প্রভাব বিবেচনায় আইনে নির্ধারিত সর্বোচ্চ সাজা দাবি করেন অ্যাটর্নি জেনারেল। তিনি জিয়াউল আহসানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়ার আবেদন জানান।
এর আগে শতাধিক গুম-খুনের আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি গতকাল বুধবার যুক্তিতর্ক শুনানিতে বলেছিলেন, জিয়াউল আহসানকে এমন শাস্তি দেওয়া উচিৎ, যেন পৃথিবীতেই তিনি ‘পার্সোনা নন গ্রাটা (অবাঞ্ছিত)’ হয়ে যান।
আওয়ামী লীগ আমলে প্রভাবশালী সেনা কর্মকর্তা জিয়াউল আহসান র্যাব, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সেনাবাহিনীর চাকরি হারান জিয়াউল। এরপর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।
গুম-খুনের অভিযোগে তার বিরুদ্ধে মামলায় গত ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ১৯ নভেম্বর তা শেষ হওয়ার পর এখন যুক্তিতর্ক শুনানি চলছে।
জিয়াউলের বিরুদ্ধে এ মামলায় আনা অভিযোগের মধ্যে রয়েছে— ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পূবাইলে তিনজনকে হত্যা, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা ও বলেশ্বর নদীর মোহনায় প্রায় ৫০ জনকে হত্যা এবং একই সময়ে সুন্দরবন ও বাগেরহাটের শরণখোলা এলাকায় বনদস্যু দমনের অভিযানের আড়ালে আরও প্রায় ৫০ জনকে হত্যা।
বিচার শুরুর পর রাষ্ট্রপক্ষে ১৫ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। তাদের জেরা শেষ হয় গত ১৯ নভেম্বর। যুক্তিতর্ক শুনানির পর এ মামলার রায় হবে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে জিয়াউলকে কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে না। ভার্চুয়ালি অংশ নিচ্ছেন তিনি। যুক্তিতর্ক শুনানি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি দেখানো হচ্ছে।