Image description

ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হলো আজ। ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের অদূরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিচার দুই বছরেও শেষ না হওয়ায় হতাশ তার পরিবার। মামলার সাক্ষ্যগ্রহণে ধীরগতির অভিযোগ করেছেন তারা।

আলিফের বাবা জামাল উদ্দিন আগামীর সময়কে বললেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে আইন মন্ত্রণালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার গিয়েছি। মামলাটার বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে বলেছি। বিএনপি সরকার এল। আবার মন্ত্রণালয়ে-মন্ত্রণালয়ে ঘুরেছি। কোনো লাভ হয়নি। ফয়সালা এখন আল্লাহর দরবারে দিয়েছি। আমরা অসহায়। আমাদের আর কী-ই বা করার আছে।’

মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরীর আশঙ্কা, বর্তমান গতিতে বিচারকাজ চলতে থাকলে এক যুগেও এ মামলার রায় পাওয়া যাবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানোর নির্দেশকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিন্ময়ের অনুসারীরা তাকে বহনকারী প্রিজন ভ্যান প্রায় তিন ঘণ্টা আদালত এলাকায় আটকে রাখেন। একপর্যায়ে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে নগরীর লালদীঘির পাড় থেকে কোতোয়ালী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের মধ্যে আদালত প্রাঙ্গণের অদূরে নগরীর বাণ্ডেল সেবক কলোনির সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২৯ নভেম্বর তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরীর কোতোয়ালী থানায় মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। মামলার আসামিরা সবাই চিন্ময়ের অনুসারী হিসেবে পরিচিত।

তবে জামাল উদ্দিনের করা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নাম ছিল না। ২০২৫ সালের ৫ মে মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী জোনের তৎকালীন সহকারী কমিশনার মাহফুজুর রহমান তদন্তে চিন্ময়ের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা উল্লেখ করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

ওই বছরের ১ জুলাই চিন্ময়কে প্রধান আসামি করে ৩৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। মামলার ৩৯ আসামির মধ্যে ২৭ জন কারাগারে এবং ১২ জন পলাতক রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানালেন, চলতি বছরের ১৯ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় মোট সাক্ষী ৪৯ জন। এ পর্যন্ত বাদীসহ চারজন সাক্ষ্য দিয়েছেন। তবে তাদের কাউকেই জেরা করেননি প্রধান আসামি চিন্ময়ের আইনজীবী।

রায়হানুল ওয়াজেদ বললেন, ‘সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে ১০ মাস আগে। এখন পর্যন্ত মাত্র চারজনের সাক্ষ্য হয়েছে। আসামিপক্ষের আইনজীবী চিন্ময় দাসের পক্ষে একের পর এক বিভিন্ন দরখাস্ত দাখিল করে বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হচ্ছে। সাক্ষীদের কাউকেই আসামিপক্ষ জেরা করেনি। বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পরও জেরা, অন্যান্য বিচারিক কার্যক্রম ও যুক্তিতর্ক করতে হবে। আমরা আদালতের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। তবে যেভাবে মামলা এগোচ্ছে, এক যুগেও রায় পাওয়া যাবে কি না, সন্দেহ।’

মামলার তারিখের ব্যবধান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আলিফের বাবা জামাল উদ্দিন। তিনি বললেন, ‘মামলার তারিখ পড়ছে এক মাস পরপর। প্রতি মাসে দুই-চার দিন মামলার কার্যক্রম চললে এতদিনে অনেক দূর এগিয়ে যেত। আমার ছেলেটাকে দিনে-দুপুরে সবার সামনে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হলো। দুই বছর হয়ে গেল। অথচ আমি এখনো বিচার পেলাম না। অনেক আসামি এখনো পলাতক আছে। তাদের পুলিশ ধরতে পারছে না কেন? তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক।’