পাকিস্তানের ইসলামাবাদে সংসদ ভবনে দেশটির জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ও দাদা প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। সেখানে দাঁড়িয়ে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলা, পারিবারিক উত্তরাধিকার ও জনসেবার দায়িত্ববোধের কথা তুলে ধরেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাদার প্রতিকৃতির সামনে তোলা ছবি প্রকাশ করে হুম্মাম কাদের চৌধুরী লেখেন, “যখন ইতিহাস হয়ে ওঠে একান্ত ব্যক্তিগত। ইসলামাবাদের সংসদ ভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার, আমার দাদা এ. কে. এম. ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির নিচে দাঁড়ানোর মুহূর্তটি আমার জন্য ছিল অত্যন্ত আবেগঘন ও গর্বের।”
তিনি আরও লেখেন, “কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে এই ঐতিহাসিক সংসদ ভবনে আসা আমাকে স্মরণ করিয়ে দেয় আমার পরিবারের তিন প্রজন্মের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা। ইতিহাস শুধু আমাদের অতীতের সঙ্গে সংযুক্ত করে না, ভবিষ্যতের প্রতি আমাদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।”
হুম্মাম কাদের চৌধুরী বলেন, “আমার কাছে এই ছবিটি কেবল একটি মুহূর্তের স্মৃতি নয়। এটি প্রজন্ম থেকে প্রজন্মের এক গভীর আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের প্রতিফলন এবং জনসেবার সঙ্গে জড়িয়ে থাকা দায়িত্ববোধের এক অনন্য স্মারক।”
এর আগে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সোমবার (২৩ নভেম্বর) রাতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমসহ ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।
সফরকালে ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রতিনিধিদলে তার সঙ্গে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।