Image description

২০২২ সালের বিএনপিকর্মী মকবুল হোসেন হত্যা মামলায় গ্রেফতার ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের তৎকালীন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আবুল হাসানের পক্ষে মামলায় জামিনের আবেদন করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান।

এর আগের দিন সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১১ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

আবুল হাসান বর্তমানে এসআরবি-১১ ব্যাটালিয়নের ভৈরব ক্যাম্পের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে ২০২২ সালের ডিসেম্বরে মকবুল হত্যাকাণ্ডের সময় তিনি সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ছিলেন।

৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকায় এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ।

ডিবির তৎকালীন প্রধান হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমারের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। অভিযানের সময় বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান বিএনপি কর্মী মকবুল হোসেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর এ ঘটনায় পল্টন মডেল থানায় হত্যা মামলা করেন মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করা হয়। এজাহারে ১৭১ নম্বর আসামি হিসেবে রয়েছে আবুল হাসানের নাম।

ডিবি সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ছাত্রলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি চলাকালে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানা ভবন পুড়ে যায়। এ ঘটনায়ও আবুল হাসানের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে তার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় পুলিশের আরও কয়েকজন কর্মকর্তার গ্রেফতার ও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।

এরমধ্যে ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়। সাতদিনের রিমান্ড শেষে গত ৩০ সেপ্টেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গত ১৫ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। পরে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।