Image description

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে আগের অবস্থান থেকে সরে এসেছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। এতদিন সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে অনড় থাকলেও এখন চুয়েটের যেকোনো শিক্ষককে উপাচার্য নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা।

আজ বুধবার দুপুরে জরুরি সভা শেষে শিক্ষক সমিতির নেতারা তাদের নতুন অবস্থানের কথা জানান।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, এই সমস্যার দ্রুত সমাধান হোক। এখন আমাদের মূল দাবি চুয়েট থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া হোক। সরকার অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করতে পারে, আবার চুয়েট থেকেও নতুন কাউকে নিয়োগ দিতে পারে। তবে যাকেই নিয়োগ দেওয়া হোক, তিনি যেন চুয়েটের শিক্ষক হন। অচলাবস্থা নিরসনে চুয়েটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

এদিকে, অচলাবস্থা নিরসনের দাবিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে মতবিনিময়সভা করেন শিক্ষার্থীরা।

সভায় বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে মেনে না নেওয়ার সিদ্ধান্তের পর বিক্ষোভ মিছিল বের করেন তারা। এ সময় ‘বয়কট বয়কট, শরীফুল বয়কট’ এবং ‘মানি না, মানব না, শরীফুল মানি না’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা তাকে উপাচার্য পদ থেকে অপসারণের দাবি জানান।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাফিস হাসান জানান, দীর্ঘদিন ধরে তারা অচলাবস্থার মধ্যে রয়েছেন। অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য পদ থেকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে কুয়েটের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন।

একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি পালন শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন।

 

তবে গত ২৮ অক্টোবর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে ক্লাস শুরু করেন এবং ১৫ নভেম্বর থেকে নিয়মিত পরীক্ষায় বসেন।