Image description

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ঢাকা স্টেডিয়ামে প্রকাশ্যে রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির দাবি নিয়ে বিভিন্ন সীমান্তে লাখো মানুষ অপেক্ষা করবে। জনগণ চায় শেখ হাসিনার বিচার। আমরা ঢাকা স্টেডিয়ামে জনতার সামনে শেখ হাসিনার বিচার (বিচারের রায়) কার্যকর দেখতে চাই।’

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, সহিংসতা ও হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, পতিত ফ্যাসিস্ট পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়— সেটা হতে দেওয়া হবে না। সরকার ও বিরোধী দলের মধ্যে মতের ভিন্নতা থাকলেও ফ্যাসিস্ট প্রতিরোধ প্রশ্নে তারা ঐক্যবদ্ধ।

‘দীর্ঘদিন পরে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। জনগণ পাঁচ বছরের জন্য বিএনপি সরকারকে ম্যান্ডেট দিয়েছে। সুতরাং সরকার পুরো মেয়াদে ক্ষমতায় থাকবে’, যোগ করেন তিনি।

এদিকে, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চাইছেন। এজন্য পাসপোর্ট চেয়ে আবেদনের পাশাপাশি রাষ্ট্রীয় সংস্থার বিমান পাঠিয়ে তাকে আনার কথাও তিনি বলেছেন বলে রয়টার্স জানিয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া কিংবা তাকে এভাবে ফিরতে দেওয়ার সুযোগ নেই। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আটক করে বাংলাদেশকে হস্তান্তর করতে হবে ভারতকে।