রংপুরের কাউনিয়ায় নিহত গেজেটভুক্ত জুলাই যোদ্ধা বিপ্লব হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বুধবার সকালে বিপ্লবের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় তাৎক্ষণিক সহায়তা হিসেবে সরকারি অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামে নিহত বিপ্লব হোসেনের বাড়িতে যান সংসদ সদস্য আখতার হোসেন। প্রথমে তিনি বিপ্লবের কবর জিয়ারত করেন। পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় পরিবারের তাৎক্ষণিক সহায়তা হিসেবে সরকারি অনুদানের ৫০ হাজার টাকার চেক তুলে দেন তিনি। একই সঙ্গে বিপ্লবের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন সংসদ সদস্য।
নিহত বিপ্লব হোসেন কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি গেজেটভুক্ত ১১৬৩ নম্বর জুলাই যোদ্ধা। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হওয়ার পর শরীরে বুলেটের ছররা নিয়ে দীর্ঘদিন চিকিৎসা ও যন্ত্রণাভোগের পর সম্প্রতি মৃত্যুবরণ করেন তিনি।
বিপ্লবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার পরিবারের পাশে দাঁড়াতে সংসদ সদস্যের এ উদ্যোগকে মানবিক সহায়তা হিসেবে দেখছেন স্থানীয়রা।