Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে আটক শেখ আবু হাসান নামে এক যুবককে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠান বিচারক।

গ্রেপ্তার আবু হাসান (৩২) দোহার গ্রামের মৃত নজরুল শেখের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছেন দলটির জালালপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম মুক্তি।

পুলিশ সূত্রে জানা গেছে, ফেসবুকে নিজের অ্যাকাউন্টে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে একাধিক কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে আবু হাসানের বিরুদ্ধে। এ বিষয়ে তথ্য পাওয়ার পর দোহার গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে তালা থানা পুলিশ।

এর আগে ১০ নভেম্বর তালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলা আজ সকালে তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুর একটার দিকে আদালতে চালান করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, আবু হাসানের বিরুদ্ধে ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরের তাকে একটা পেন্ডিং মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।