Image description

রাজশাহীর বাঘায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দৃশ্যমান থাকাকে কেন্দ্র করে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিসকক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাউসা মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দৃশ্যমান দেখতে পান এক অভিভাবক। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন প্রধান শিক্ষিকা আমেনা খাতুনের বিরুদ্ধে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিসকক্ষে তালা লাগিয়ে দেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর অফিসকক্ষের তালা খুলে দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাউসা ইউনিয়ন যুবদলের সভাপতি ইনামুল হক বলেন, সকালে এক অভিভাবক সন্তানকে বিদ্যালয়ে দিতে এসে দেয়ালে শেখ মুজিবুর রহমানের বড় ছবি দেখতে পান। বিষয়টি জানার পর স্থানীয় কয়েকজন তাকে ফোন করে বিদ্যালয়ে উত্তেজনাকর পরিস্থিতির কথা জানান। পরে তিনি সেখানে গিয়ে লোকজনের সমাগম দেখতে পান।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের অফিসকক্ষেও শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে বলে আগে অনেকে তাকে জানিয়েছেন। এ বিষয়ে একাধিকবার প্রধান শিক্ষিকাকে ছবি অপসারণের কথা বলেছেন। তার অভিযোগ, প্রধান শিক্ষিকা দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি নিজের ইচ্ছামতো পরিচালনা করছেন। দেয়ালে ছবিটি দৃশ্যমান রাখার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও তিনি দাবি করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষিকা আমেনা খাতুন জানান, তিনি সকাল ৯টার আগেই বিদ্যালয়ে উপস্থিত হন। এসে দেখেন, বিদ্যালয়ের বারান্দার গেটে তালা লাগানো। এ সময় একজন সহকারী শিক্ষক অফিসের ভেতরে ছিলেন এবং অন্য শিক্ষকরা বাইরে অবস্থান করছিলেন।

 

তিনি বলেন, পরে বারান্দার তালা খুলে দেওয়া হলেও অফিসকক্ষে তালা লাগিয়ে দেওয়া হয়। ঘটনাটি পূর্বপরিকল্পিত। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আগে থেকেই বিভিন্ন বিষয়ে তার মতবিরোধ রয়েছে।

প্রধান শিক্ষিকা আরও বলেন, গত ৫ আগস্টের সরকারি নির্দেশনার পর বিদ্যালয়ের সব ছবি নামিয়ে রাখা হয়েছিল। বারান্দার দেয়ালে আঁকা ছবিটিও সাদা চুন দিয়ে ঢেকে দেওয়া হয়। মঙ্গলবারও ছবিটি চুন দিয়ে মোছা অবস্থায় দেখেছেন। কিন্তু বুধবার সকালে নৈশপ্রহরী বারান্দার তালা খুলে অন্য ভবনে যাওয়ার পর কে বা কারা ছবিটি পরিষ্কার করে দৃশ্যমান করেছে, তা তিনি জানেন না। এ ঘটনাকে কেন্দ্র করে তার ওপর বিক্ষোভ ও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী বকুল ইসলাম বলেন, সকালে বারান্দার তালা খুলে তিনি অন্য একটি ভবন পরিষ্কারের কাজে যান। এ সময় কে বা কারা দেয়ালের ছবিটি পরিষ্কার করেছেন, তা তিনি দেখেননি। তবে আগের দিন ছবিটি সাদা চুন দিয়ে মোছা অবস্থায় ছিল।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, ইউএনও ও সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষিকাকে বদলির আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, বিদ্যালয়ের দেয়ালে থাকা ছবিটি কে বা কারা পরিষ্কার করে দৃশ্যমান করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।