Image description

‘জুনাইদ আহমেদ পলকের কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে, তিনি প্যারালাইজড হতে পারেন’— এমন আশঙ্কার কথা উল্লেখ করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা চেয়ে আবেদন করেছেন আইনজীবী।

তবে শুনানি শেষে আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিন জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির করা পলককে। তবে অন্য আসামিদের আদালতে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ হয়নি। পরে বেলা সাড়ে ১২ টার দিকে পলককে পুলিশ প্রহরায় আদালতে তোলা হয়।

এ সময় নিজের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে ডেকে নেন পলক। তিনি হোসেন হত্যা মামলা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার সাক্ষীকে জেরার প্রস্তুতি নিতে বলেন আইনজীবীকে।

এ সময় নিজের অসুস্থতার কথা উল্লেখ করে আইনজীবীকে পলক বলেন, ‘আমার কোমড় থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে। আমার প্যারালাইজড হতে পারে বলে আশঙ্কা করছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়াটা ঝুকিপূর্ণ। সেখানে নিরাপত্তার শঙ্কা রয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চেয়ে আবেদন করেন।’

পরে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আদালতে পলকের নির্দেশনা মোতাবেক চিকিৎসা চেয়ে আবেদন করেন। এ বিষয়ে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আগামীর সময়কে বললেন, ‘আমার মক্কেল পলক দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি জীবনযাপন করছেন। বর্তমানে নানা রোগে ভুগছেন। আজকে তিনি আদালতে এসে জানান, তার কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে। পরে সিএমএইচে তার চিকিৎসা চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দেন।’

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৫ আগস্ট পলককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।