দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের প্রায় ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে এ সম্মানি দেওয়া হবে। একজন ইমাম মাসে পাঁচ হাজার, মুয়াজ্জিন তিন হাজার এবং খাদেম দুই হাজার টাকা করে পাবেন। এ ছাড়া ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রত্যেকে এক হাজার টাকা করে পাবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
আজ বুধবার ঢাকার ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দি মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য মাসিক সম্মানির ব্যবস্থা চালু করা হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন। মসজিদ খাতে চলতি অর্থবছরে সরকারের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা। পর্যায়ক্রমে দেশের আরও বেশি ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, প্রবাসীসহ দেশের সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। ২০২৩ সালে হজের বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার টাকা থাকলেও বর্তমানে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা রক্ষা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং মসজিদ-মাদ্রাসার সার্বিক উন্নয়নে বিএনপি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইসলামি শিক্ষাব্যবস্থার বিকাশ, কওমি মাদ্রাসা ও আলেম-ওলামাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং ধর্মীয় মূল্যবোধের পুনর্জাগরণে কাজ করেছে বিএনপি।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চান।
ফরিদাবাদ জামিয়ার ঐতিহাসিক অবদান তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটি দেওবন্দি শিক্ষাধারা ও ইসলামের মূল্যবোধ চর্চার অন্যতম কেন্দ্র। ১৯৫৬ সালে দারুল উলুম দেওবন্দের শিক্ষাধারার ভিত্তিতে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশিষ্ট আলেম ও মনীষীদের হাত ধরে এটি বিকশিত হয়েছে। জামিয়ার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরী (রহ.) আল্লাহর সন্তুষ্টি অর্জন ও শরিয়তের খেদমতকে জীবনের ব্রত হিসেবে নিয়ে তিনি এ প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেন।
প্রতিষ্ঠানটির বর্তমান ও বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী আলেমদের অবদান স্মরণ করেন ধর্মমন্ত্রী।
নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী জানান, সম্প্রতি তার হিপ রিপ্লেসমেন্ট হয়েছে। সুস্থ হয়ে যাতে আলেম-ওলামা ও দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত অব্যাহত রাখতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চান তিনি।