Image description
কক্সবাজারের উখিয়ায় ৩ দিনে চার সন্তানের জন্ম দিয়েছেন এক রোহিঙ্গা নারী। প্রথমে স্বাভাবিক প্রসবে একটি সন্তান জন্ম দেওয়ার পর দুই দিন বিরতি দিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম দেন আরও তিন সন্তানের। চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে।
 
ওই নারীর নাম জেসমিন বিবি (২৬)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ-১ ব্লকের বাসিন্দা আজিজুল গফফারের স্ত্রী। উখিয়ার পানবাজার বালুখালীতে অবস্থিত ফ্রেন্ডশিপ হাসপাতালে এ ঘটনা ঘটে।

 
বুধবার (২৫ নভেম্বর) হাসপাতালটির প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, জেসমিন বিবি তৃতীয়বারের মতো গর্ভবতী ছিলেন। আলট্রাসনোগ্রাম পরীক্ষায় তার গর্ভে চারটি শিশুর অস্তিত্ব শনাক্ত হয়। গত ১৩ নভেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। পরদিন ১৪ নভেম্বর ভোর পাঁচটার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম শিশুর জন্ম হয়।
 
ডা. গোলাম সারওয়ার আরও জানান, গর্ভে থাকা বাকি তিন শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের অনুকূলে না থাকায় এবং জটিলতার আশঙ্কায় ১৬ নভেম্বর রাতে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এতে আরও তিন শিশুর জন্ম হয়।
 
তিনি বলেন, এটি ছিল একটি জটিল ও ঝুঁকিপূর্ণ প্রসব। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় চার শিশুর প্রসব সম্পন্ন করা হয়েছে।
 
সময়ের আলো