খুলনায় একদিনে নগরী ও আশপাশের সাতটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি স্থানে চাঁদা দাবির পর গুলিবর্ষণ, ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে নগরীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর মধ্যে রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়। এ সময় তার মাথা ও বুকে গুলি লাগে। স্থানীয়ভাবে তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। যুবলীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
বিকেল ৪টার দিকে সোনাডাঙ্গায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
এর আগে, রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট বন্ধের হুমকিও দেওয়া হয়। পরে পুলিশ রেস্টুরেন্টটি খুলে দেওয়ার পর গুলির ঘটনা ঘটে।
বিকেল ৩টার দিকে লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী টুটুলের বাড়ি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এতে শোবার ঘরের জানালার থাই গ্লাস ভেঙে যায়। এর আগেও বিভিন্নভাবে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া সুইস গেট এলাকায় পানুর চায়ের দোকান লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা মুখোশধারীরা। এ সময় দোকানে থাকা লোকজন প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। পরে সুইস গেট পার হয়ে আরও দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আগে, ১৭ নভেম্বর একই এলাকায় গুলিতে ঘের ব্যবসায়ী সোলেমান ও ভ্যানচালক আব্দুল খালেক আহত হয়েছিলেন।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানার সোনালী জুট মিলের প্রধান ফটকের সামনে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। পাট ব্যবসায়ী রাসেলের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এ ছাড়া বেলা সোয়া ১১টার দিকে খুলনা সদর থানার ১৬ নম্বর বেলায়েত হোসেন সড়কে আবু সাইদ নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে চার দুর্বৃত্ত। হেলমেট পরা অবস্থায় বাড়ির নিচে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তার সঙ্গে ঘরে প্রবেশ করে পিস্তল বের করে গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
রাত আনুমানিক ৯টার দিকে লবণচরা থানাধীন পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসী প্রিন্সের শ্বশুর আব্দুল জলিল আকনের বাড়ি লক্ষ্য করেও গুলির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
একের পর এক গুলির ঘটনায় নগরী ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সুদর্শন রায় বলেন, পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আমরাও মাঠে আছি। অপরাধীদের ধরতে কাজ চলছে।