Image description

অপরাধী ধরতে গিয়ে খুন হচ্ছেন পুলিশ সদস্য। হাতকড়া পরানো আসামিকে ছিনিয়ে নেওয়া হচ্ছে পুলিশের কাছ থেকে। হামলা হচ্ছে টহল দলের ওপর। লুট হচ্ছে সরকারি অস্ত্র ও আগুনে পুড়ছে বিভিন্ন থানা। যে বাহিনীর ওপর মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, সেই বাহিনীর সদস্যদের নিরাপত্তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিচ্ছিন্ন অপরাধ থেকে রাজনৈতিক সহিংসতা— নানা পরিস্থিতিতে পুলিশের ওপর ধারাবাহিক হামলা শুধু বাহিনীটির পেশাগত ঝুঁকিই বাড়াচ্ছে না, রাষ্ট্রের আইন প্রয়োগের সক্ষমতা ও কর্তৃত্বকেও কঠিন পরীক্ষার মুখে ফেলছে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শপথ নেওয়ার পর ৯ মাসের বেশি সময় পার হয়েছে। এর মধ্যে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আট মাসেই সারা দেশে পুলিশের ওপর ৪০০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ৪৮৪টি। নভেম্বরেও দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর একের পর এক হামলা হয়েছে। খুন হয়েছেন পুলিশের একজন সদস্য। গোপালগঞ্জের দুটি থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু হয়েছে পুলিশের যানবাহন ও স্থাপনা।

পুলিশ সদর দফতরের মাসভিত্তিক অপরাধ পরিসংখ্যান এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সারা দেশে পুলিশের ওপর ৪৮৪টি হামলা হয়েছে। এসব ঘটনায় চারজন পুলিশ সদস্য নিহত এবং ৩৭০ জন গুরুতর আহত হয়েছেন। গত ২২ নভেম্বর নারায়ণগঞ্জে সর্বশেষ একজন পুলিশ সদস্যের হত্যাকাণ্ডটি যুক্ত করলে চলতি বছরে হামলায় নিহত পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়ায় অন্তত পাঁচ জনে। নভেম্বরের ২৩ দিনে একাধিক হামলায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের এপ্রিলে পুলিশের ওপর সবচেয়ে বেশি ৬৬টি হামলা হয়েছে। মার্চে ৬৩টি এবং মে মাসে ৫৫টি হামলা হয়। জুন থেকে হামলার সংখ্যা কিছুটা কমলেও কোনও মাসেই তা ৪০ এর নিচে নামেনি। অক্টোবর ও নভেম্বরে আবারও হামলার সংখ্যা বেড়েছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলোতে দেখা যায়, পুলিশ সদস্যদের হত্যার পাশাপাশি থানা জ্বালিয়ে দেওয়া, অস্ত্র লুট এবং সংঘবদ্ধভাবে আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে।

সর্বশেষ রবিবার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা। তার সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার প্রাণে বেঁচে গেলেও পরে তাকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

 

এর আগে গত ৮ অক্টোবর খুলনার রূপসায় অভিযান শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এক ব্যক্তিকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন তিনি।

শুধু নারায়ণগঞ্জ জেলাতেই চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত পুলিশ ও র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে অন্তত ১১টি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কোথাও অভিযান পরিচালনা করতে গিয়ে, কোথাও মাদক কারবারিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলার শিকার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গত ৫ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অবস্থানের কারণে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য আবুল কালামকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ ওঠে মাদক কারবারিদের বিরুদ্ধে। গত ১০ নভেম্বর কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হন জেলা গোয়েন্দা পুলিশের তিন সদস্য।

পুলিশ সদস্যদের ওপর হামলার পাশাপাশি এবার সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে থানাও। মাত্র কয়েক দিনের ব্যবধানে গোপালগঞ্জের দুটি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এ ঘটনায় থানার অবকাঠামো ও বিপুলসংখ্যক যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারি অস্ত্র এবং সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্রও লুট হয়েছে। এর দুই দিন পর ১৯ নভেম্বর মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আগুনে পুড়ে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র, পুলিশের গাড়ি ও জব্দ করা যানবাহন। এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অগ্নিসংযোগের পর দুটি থানার স্বাভাবিক দাফতরিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ। এ ছাড়া ১৮ নভেম্বর চট্টগ্রামের মুরাদপুরে একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়।

একটি থানায় অগ্নিসংযোগের ক্ষতি কেবল ভবন, আসবাবপত্র কিংবা যানবাহন পুড়িয়ে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। সেখানে সংরক্ষিত মামলার নথি, অপরাধসংক্রান্ত তথ্য ও আলামত নষ্ট হলে দীর্ঘমেয়াদে অপরাধের তদন্ত ও বিচার কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে স্থানীয় জনগণের নিরাপত্তা ও আইনি সেবা পাওয়ার সুযোগ সংকুচিত হয়।

পুলিশ আসামি ধরলেও ছিনিয়ে নেয় সহযোগীরা

পুলিশের জন্য নতুন করে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে গ্রেফতার করা আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা। অপরাধের অভিযোগে কাউকে গ্রেফতার করার পর তাকে আদালতে সোপর্দ করার আগেই সংঘবদ্ধ হামলা চালিয়ে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

গত ২২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ছায়েব আলীর গ্রেফতারকে কেন্দ্র করে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত সাত পুলিশ সদস্য আহত হন।

এর আগে ৬ নভেম্বর বগুড়ার সোনাতলায় প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। গত সেপ্টেম্বরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এবং জুলাইয়ে কক্সবাজারের কুতুবদিয়ায়ও পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনা আইন প্রয়োগকারী সংস্থার সামনে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা কিংবা নিয়মিত অভিযান পরিচালনার মতো কাজেও পুলিশকে অতিরিক্ত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে।

হামলার নেপথ্যে

সংশ্লিষ্টদের মতে, পুলিশের ওপর হামলার সব ঘটনার কারণ এক নয়। কোথাও অপরাধীদের সংঘবদ্ধ প্রতিরোধ, কোথাও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা, আবার কোথাও মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কাজ করছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার প্রশ্ন। হামলার পর মামলা ও গ্রেফতারের খবর পাওয়া গেলেও কতটি মামলার তদন্ত শেষ হয়েছে, কতটিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে সেই তথ্য পাওয়া যায়নি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় পুলিশের প্রাণঘাতী বলপ্রয়োগ এবং পরবর্তী সময়ে পুলিশ বাহিনীর ওপর সংঘটিত সহিংসতার প্রভাব এখনও বিদ্যমান। ওই সময় পুলিশের পেশাদারত্ব, মনোবল ও জনআস্থায় যে সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে ওঠার মধ্যেই নতুন করে ধারাবাহিক হামলার মুখে পড়ছে বাহিনীর সদস্যরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর ধারাবাহিক হামলার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। এটি শুধু পুলিশ সদস্যদের নিরাপত্তার বিষয় নয়, বরং রাষ্ট্রের আইন প্রয়োগের সক্ষমতা ও কর্তৃত্বের সঙ্গেও সম্পর্কিত। অপরাধীরা যখন সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালায়, কিংবা আসামি ছিনিয়ে নেয়, তখন সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তাহীনতা তৈরি হয়। এর পেছনে বিচারহীনতার সংস্কৃতি, রাজনৈতিক প্রভাব, পুলিশের প্রতি জনআস্থার সংকট এবং অপরাধীদের বেপরোয়া মনোভাব কাজ করতে পারে।’

তিনি বলেন, ‘‘এসব ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দ্রুত তদন্ত ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে পুলিশের পেশাদারত্ব, জবাবদিহি ও জনগণের সঙ্গে আস্থার সম্পর্ক পুনর্গঠন জরুরি। অন্যথায়, এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।’’

যা বলছে পুলিশ সদর দফতর

পুলিশ সদর দফতরের কর্মকর্তারা বলছেন, উচ্ছৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ অনেক সময় হামলার শিকার হচ্ছেন। বর্তমান সময়েও একটি মহল জনজীবনে অশান্তি তৈরির চেষ্টা করছে। তবে পরিস্থিতি মোকাবিলায় পুলিশ দায়িত্ব পালন করছে। হামলা ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এবং অভিযুক্তদের বিচারের জন্য আদালতে সোপর্দ করা হচ্ছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব হামলার পেছনে কোনও উদ্দেশ্যপ্রণোদিত পরিকল্পনা রয়েছে কিনা, তা প্রতিটি ঘটনার তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল দুর্বল করা, কিংবা পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টির উদ্দেশ্যে কেউ হামলা চালালে তা বরদাশত করা হবে না।’

তিনি জানান, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নিরাপত্তা জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক অবস্থান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ও প্রশিক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘পুলিশ জনগণের জানমালের নিরাপত্তায় কাজ করে। তাই পুলিশের ওপর হামলা মানে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের ওপর হামলা। এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’