Image description
 
 

আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন ও সাংগঠনিক তৎপরতা মোকাবিলায় সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এখনই সতর্ক না হলে আওয়ামী লীগ নতুন করে ‘রক্ষীবাহিনী’ গড়ে গুপ্তহত্যা শুরু করতে পারে।

 

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে জেডিপি ও সমমনা সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে নাঈম আহমাদ বলেন, এসব দল নিজেদের জনগণের ঠিকাদার মনে করে। কোনো রাজনৈতিক দল এককভাবে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারেনি। ছাত্র-জনতার সম্মিলিত অংশগ্রহণেই ফ্যাসিবাদের পতন হয়েছে।

 

তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর ঐক্যের চেয়ে জনগণের ঐক্য ও জনরোষ বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি ফ্যাসিবাদী শাসনামলের অপরাধের বিচার, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করতে হবে। প্রতিশোধের রাজনীতি যেমন কাম্য নয়, তেমনি দায়মুক্তির নামে অপরাধীদের পুনর্বাসনও গ্রহণযোগ্য নয়।

 

ভারতের সমালোচনা করে তিনি পলাতক শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান।

 

সমাবেশে জাতীয় কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের আহ্বায়ক এম. গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। অর্থের বিনিময়ে সহিংসতায় জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস না করতে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদেরও সতর্ক করেন তিনি।

 

জেডিপি, বাংলাদেশ মঞ্চ, মাতৃভূমি সুরক্ষা আন্দোলন ও জাতীয় কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।