Image description
গুম নিয়ে স্টার নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আবারও দেখানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে। শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রতিবেদনটি দেখানো হয়।
 
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচারিক কার্যক্রম চলাকালে স্টার নিউজের অনুসন্ধানী প্রতিবেদনটি তুলে ধরা হয়।
 
এর আগে ১৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এজলাসে প্রতিবেদনটি প্রদর্শনের পর গুমের মামলার সাক্ষ্যপ্রমাণ হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন বিচারিক প্যানেল।
 
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের উপস্থিতিতে ওই কার্যক্রম পরিচালিত হয়। সে সময় আদালতে চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পুরো প্রতিবেদনটি দেখেন অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।
 
 
 
গত ১০ নভেম্বর সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল স্টার নিউজে পিলখানা হত্যা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের গুম ও রহস্যজনক মৃত্যু নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনটি প্রচার করা হয়। প্রতিবেদনে উঠে আসে, তৎকালীন বিডিআর সৈনিকদের মাধ্যমেই গুমের ঘটনা শুরু হয়েছিল।

 

১৫ নভেম্বর ট্রাইব্যুনালে প্রতিবেদনটি প্রদর্শনের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। এর আগে এ গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়নি। জিয়াউল আহসান ও তাঁর সহযোগীরা ৩৪ জনকে বিভিন্নভাবে অপহরণ করে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
 
 
চিফ প্রসিকিউটর আরও জানান, জিয়াউল আহসানের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল। ঊর্ধ্বতন মহলের সঙ্গে যোগাযোগের মাধ্যমেই এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছে বলে সাক্ষীরাও ইঙ্গিত দিয়েছেন।
সরকারি আদেশ দেখুন
 
পিলখানা হত্যা মামলার সাক্ষীদের গুম ও হত্যার বিষয়টি পুনরায় তদন্ত করা প্রয়োজন বলেও মত দেন চিফ প্রসিকিউটর। তাঁর মতে, পুনরায় তদন্ত হলে আরও নতুন রহস্য উদ্‌ঘাটিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
 
স্টার নিউজের অনুসন্ধানী প্রতিবেদনটি গুমের মামলার সাক্ষ্যপ্রমাণ হিসেবে নথিভুক্ত করার পর এবার যুক্তিতর্ক উপস্থাপনের সময়ও তুলে ধরা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে।