৪ দিনের অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে রয়েছে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও একান্ত প্রয়োজনে মালয়েশিয়ার এক দিনের সফর স্থগিত করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জামায়াত আমির।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ। অস্ট্রেলিয়ায় ৪ দিনের সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হলাম।
ওই পোস্টে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তা ও আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। জানান, প্রবাসী ভাই-বোনদের আন্তরিকতায় তিনি মুগ্ধ ও অভিভূত। আল্লাহ তায়ালা তাদের সবাইকে উত্তম প্রতিদান ও সম্মান দান করুন।
প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশকে গভীর আন্তরিকতায় ধারণ করেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, দেশকে নিয়ে তারা স্বপ্ন দেখেন এবং দেশের জন্য অবদান রাখতে চান। বাংলাদেশেরও দায়িত্ব হলো, তাদের এবং বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রাপ্য সম্মান দেওয়া।
একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করেছেন বলে জানান জামায়াত আমির। তবে নিকট ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মালয়েশিয়ায় সাক্ষাতের আশা প্রকাশ করেন তিনি।
এদিকে জামায়াত আমিরের সফর সংক্ষিপ্ত করার কারণ জানান দলটির মুখপাত্র ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এশিয়া পোস্টকে মঙ্গলবার রাতে তিনি বলেন, আমিরে জামায়াতের মূল সফর ছিল অস্ট্রেলিয়া। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, ফেরার পথে এক দিনের জন্য মালয়েশিয়া একটা কনফারেন্সে অংশ নেওয়ার কথা ছিল। পরে অস্ট্রেলিয়া সফর শেষ হবার পর দেশে ফেরার প্রয়োজন অনুভব করেছেন তিনি। আগামীকাল দেশে পৌঁছবেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে জামায়াত আমির জরুরিভাবে দেশে আসছেন কি না, এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রধানমন্ত্রী বা বিএনপির পক্ষ থেকে অফিশিয়ালি আমাদেরকে কিছু জানানো হয় নাই। আনঅফিশিয়ালি হয়তো কেউ কেউ যোগাযোগ করে থাকতে পারে। ফলে সংলাপের জন্য কোনও তারিখ নির্ধারিত হয়নি। আমিরে জামাতের আরও অনেক দায়িত্ব আছে। উনার নিজের প্রয়োজনে, সংগঠনের প্রয়োজনে দেশে ফিরছেন।
দলীয় সূত্র জানিয়েছে, গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। ছয় দিনের এ সফরে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।