সেপ্টেম্বরের শুরুতে লাওসের ক্লাব ছেড়ে ফর্টিস এফসিতে যোগ দিয়েছিলেন শুকি ইতোফুসা। জাপানি বংশোদ্ভূত ২২ বছর বয়সী এই উইঙ্গারের লক্ষ্য ছিল একটাই—বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলা। মাত্র আড়াই মাসের মধ্যেই পূরণ হয়েছে সেই স্বপ্ন। তবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে তার পথচলা দীর্ঘ হচ্ছে না।
মৌসুমের মাঝপথেই ফর্টিস এফসি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শুকি। তবে ক্লাব ছাড়লেও বাংলাদেশ ছাড়ছেন না তিনি। জাতীয় দলের প্রয়োজনে ডাক পেলেই আবারও বাংলাদেশে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন এই ফুটবলার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দীর্ঘ ৬২ মাস পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। ফেডারেশন কাপের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। কুঁচকির চোটের কারণে ম্যাচটিতে খেলতে পারেননি শুকি। গ্যালারিতে বসেই দেখেছেন সতীর্থদের জয়।
ম্যাচ শেষে স্টেডিয়াম ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফর্টিস ছাড়ার সিদ্ধান্তের কারণ জানান জাতীয় দলের এই উইঙ্গার।
চুক্তির মেয়াদ বাকি থাকতেই কেন ক্লাব ছাড়ছেন? এর ব্যাখ্যায় শুকি জানিয়েছেন, নিজেকে আরও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই উন্নত কোনো লিগে খেলতে চান তিনি।
শুকির ভাষায়, ‘নিজের কথা বললে, আমারও একটি শীর্ষ লিগে উচ্চ পর্যায়ে ফুটবল খেলার ইচ্ছা রয়েছে। জাতীয় দলের হয়ে ভালো করতে এবং বাংলাদেশের জার্সিতে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরতে অন্য একটি লিগে নিজেকে গড়ে তুলতে চাই। সেখানে কঠোর পরিশ্রম করে খেলার মান বাড়াতে চাই, যাতে বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে আবারও জয় এনে দিতে পারি।’
তবে শুকির ক্লাব ছাড়ার পেছনে শুধু উন্নত লিগে খেলার আকাঙ্ক্ষাই নয়, বাংলাদেশের মাঠের মানও একটি কারণ বলে জানিয়েছেন ফর্টিসের এক সতীর্থ।
গত ২ সেপ্টেম্বর ফর্টিসে যোগ দেওয়ার পর বাংলাদেশ ফুটবল লিগের পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগেও খেলেছেন শুকি। ২৫ সেপ্টেম্বর ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। এরপর জাতীয় দলের হয়ে খেলেছেন পাঁচটি ম্যাচ।
বাংলাদেশ ফুটবল লিগের পাঁচ রাউন্ড শেষ হতেই ক্লাব ছাড়ার আবেদন করেন এই উইঙ্গার। তার আবেদনে সম্মতি দিয়েছে ফর্টিস কর্তৃপক্ষ।
শুকিকে চুক্তির শর্তে আটকে না রেখে জাতীয় দলের স্বার্থকে প্রাধান্য দিয়েছে ক্লাবটি। সাংবাদিকদের ফর্টিস ক্লাবের প্রেসিডেন্ট শাহীন হাসান বলেন, ‘শুকি আমাকে বলেছে, সে চলে যেতে চায়। কারণ, আমাদের চেয়ে উন্নত ফুটবল কাঠামো ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ রয়েছে, এমন কোনো দেশে খেলতে চায় সে। সেখানে নিজের খেলার মান বাড়িয়ে আবার বাংলাদেশে এসে খেলতে চায়। তার সঙ্গে আমাদের এক বছরের চুক্তি ছিল। চাইলে চুক্তির বেড়াজালে তাকে আটকে রাখতে পারতাম। কিন্তু এখানে জাতীয় দলের বিষয়টি জড়িত। ফর্টিস শুরু থেকেই জাতীয় দলের স্বার্থের পাশে রয়েছে। দিন শেষে এটিকেই আমরা আমাদের সফলতা মনে করি।’
এদিকে, নতুন ঠিকানা এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি শুকি। তবে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের লিগ থেকে তার কাছে প্রস্তাব এসেছে বলে জানা গেছে।