‘রেললাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে/ মা তার কাঁদে... ছেলেটি মরে গেছে।’ পপস্টার আজম খানের গানের ছবির মতোই জীবন কাহিনি আয়েশার। কাপ্তাই রাস্তার মাথায় রেললাইনের পাশের বস্তিতে বসবাস। পেশা ভিক্ষাবৃত্তি। ছেলে নয়, তিনদিনের জ্বরে ভুগে মারা গেছে তার ৭ মাসের মেয়েটি। আরও দুই ছেলে-মেয়ে এখন হামের সঙ্গে লড়ছে হাসপাতালে।
দরিদ্রের লড়াই আবার কী। হাসপাতালের একটি শয্যায় দুই সন্তানকে নিয়ে পড়ে আছে কোনো রকমে। দুবেলা থালাভর্তি রোগীর ভাত তো জুটছে অন্তত। আর সরকারি ডাক্তার এবং বিনামূল্যের ওষুধপত্রে যা চিকিৎসা চলে তা চলছে, এই যা।
আয়শার চিকিৎসারত দুই শিশুর শয্যার পাশ থেকে ঘুরে এসেছেন আগামীর সময়ের এই প্রতিবেদক। শুনালেন তার জীবন কাহিনী।
মঙ্গলবার। ঘড়িতে তখন দুপুর সাড়ে ১২টা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগ। কাঁচঘেরা হাম ব্লকের ইউনিট-২। একটি শয্যায় মেয়েকে কোলে নিয়ে বসে আছেন বছর পঁচিশেকের আয়েশা। পাশে বসে কাঁদছে ছেলে। মেয়ের নাম মাহি, বয়স ২ বছর। ৫ বছরের ছেলে হুসাইনের বয়স ৫ বছর। দুজনের নাকে অক্সিজেন নল। থেমে থেমে কাঁদছে দুই শিশু। রবিবার তাদের ভর্তি করা হয়।
এর মধ্যে এলেন এক নারী চিকিৎসক। তিনি দুজনকে দেখলেন। আয়েশার কাছ থেকে শিশু দুটির রোগের ইতিহাস ও সমস্যাও শুনলেন। চলে গেলেন। এবার কথা বলার সুযোগ হলো। শিশু দুটির কী হয়েছে জানতে চাইতেই গড়গড় করে বলতে থাকলেন আয়েশা।
‘আমি কাপ্তাই রাস্তার মাথায় রেললাইনের পাশে বস্তিতে থাকি। ওখানেই ভিক্ষা করি। আমার ছোট মেয়ে সিমরানের জ্বর হয়েছিল। সঙ্গে এই দুটি বাচ্চারও। বুকে কফ হয়ে শনিবার কোলের বাচ্চাটি মারা যায়। তাকে মাটিচাপা দিয়ে এই দুটিকে নিয়ে পরদিন হাসপাতালে চলে আসি। ভর্তি দেয়। ডাক্তার এখনো কিছু বলেনি। জানি না তাদের অবস্থা’-বলছিলেন আয়েশা।
কথাবার্তা কিছুটা কর্কশ প্রকৃতির। ঘাত প্রতিঘাতে বাঁচার যুদ্ধ করতে করতে হয়তো এমনটা হয়েছে। যেটা জিজ্ঞেস করি ছটপট তার উত্তর আসে আয়েশার কাছ থেকে। ব্যস্ত হয়ে পড়লেন কান্নারত শিশুদের নিয়ে। বিছানার ওপর ব্যবস্থাপত্রে বাবার নাম লেখা আবুল কালাম। স্বামী কী করে জানতে চাইতেই যেন ফুঁসে উঠলেন।
‘কিছু করে না। আমার ভিক্ষার টাকায় চলে। সে কিছু করে না বলেই তো আজ মেয়েকে হারালাম। এই দুটির কী হয় জানি না। রেললাইনের পাশে একটি একুশশত টাকার ভাড়া ঘরে থাকি।’
হাম ব্লকে প্রতিটি শয্যায় দুজন কোনোটিতে তিনজন পর্যন্ত শিশু। মেঝেতেও রোগীর বিছানাপাতা। নার্স ও ডাক্তারেরা ব্যস্ত। আয়েশা ব্যস্ত শিশু দুটিকে সামলাতে। ফাঁকে ফাঁকে জানা গেল আরও কিছু তথ্য।
আয়েশার বাড়ি টেকনাফের হ্নীলা এলাকায়। তিন বছর বয়সে মায়ের সঙ্গে চট্টগ্রাম আসেন। মা থাকেন দুই নম্বর গেট এলাকায়। ১২ বছর আগে বিয়ে হয় আবুল কালামের সঙ্গে। কালামের বাড়ি বোয়ালখালী। কালাম তখন টুকটাক কাজ করতেন। এখন বেকার। ছেলে-মেয়ে কয়জন জানতে চাইতেই আরও করুণ তথ্য মিলল।
‘আমি ভিক্ষা করছি ১১ বছর। আমার ছয় ছেলে মেয়ে। এখন আছে চারটি। তিন ছেলে, এক মেয়ে। বড় ছেলে ১০ বছরের শাহীন। রাস্তায় রাস্তায় ঘুরে। দ্বিতীয়টি তামিম, দুই বছর আগে রাস্তার মাথা থেকে হারিয়ে গেছে। তখন তার বয়স ছিল ৭ বছর’-অকপটে বলে গেলেন আয়েশা।
এর মধ্যে ওই নারী চিকিৎসক আবার এলেন। ব্যবস্থাপত্রে কী যেন লিখলেন তিনি। টিকা দিয়েছিল কিনা জানতে চাইলেন। আয়োশার দিক থেকে না সূচক জবাব এল। এবার চিকিৎসক আয়েশাকে উদ্দেশ্যে করে বললেন, ‘সুস্থ বাচ্চাটাকে হাসপাতালে এনেছেন কেন? সেও আক্রান্ত হয়ে পড়বে।’
আয়েশার চটজলদি জবাব, ‘কোথায় রেখে আসব? রেললাইনের পাশে থাকি। ট্রেন যাওয়া আসা করে সবসময়। কখন কী ঘটে।’
চিকিৎসক চলে গেলেন। বুঝতে বাকি রইল না, আয়েশার আরও এক ছেলে হাসপাতালে এসেছে। তার নাম ইমাম হাসান। বয়স ছয় বছর। বলতে বলতেই শয্যার পাশে ছুটে এল সুস্থ ইমাম। এতক্ষণ ওয়ার্ডের বাইরে ছিল। ইমাম বলছে, ‘আম্মু, আব্বু বলছে ২০ টাকা দিতে।’
তেলেবেগুনে জ্বলে উঠলেন আয়েশা, ‘তার জন্য আজ আমার এই দশা। দুই ছেলে-মেয়ে হারালাম। বলে কিনা তাকে ২০ টাকা দিতাম! রোজগার করতে বল গিয়ে তোর আব্বুকে।’
আয়েশার স্বামী আবুল কালাম ওয়ার্ডের বাইরে বারান্দায় আছেন। মায়ের বয়ান নিয়ে ইমাম হাসান আবার দৌঁড়ে বাবার কাছে গেল। এর মধ্যে হাসপাতালের দুপুরের খাবারের গাড়ি এল। খাবার নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন আয়েশা। মেয়ের মৃত্যু, দুজনের অসুস্থতা মিলে কয়েকদিন ভিক্ষা করতে পারেননি। একটু কাঁদবেন সেই ফুসরতও নেই। হয়তো ভেতরে ভেতরে ক্ষরণ হচ্ছে। আয়েশাদের বুকের ব্যথা হয়তো এ রকমই, বেঁচে থাকার যুদ্ধে কান্না হয়ে ঝরে না সবসময়। গানের কথার মতো -‘কত মার অশ্রু আজ নয়নে, কে তা মুছাবে বা কেমনে/ যে চলে যায় সে কি ফিরে আসে/ হায়রে হায় বাংলাদেশ।’