ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পেট্রাপোল সীমান্তে পলাতক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাদের বৈঠক সংক্রান্ত গুঞ্জন এবং বন্দি বিনিময় চুক্তিসহ নানা বিষয়ে এবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্ট তিনি বিষয়গুলো নিয়ে কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনা তো ফাঁসিতে ঝুলতে ফিরবেন না, এখন আগুনসন্ত্রাসীদের কী হবে? বলেও প্রশ্ন তুলেন।
পাঠকদের জন্য রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-
শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছে, বাংলাদেশ সরকার পতাকাবাহী বিমান না পাঠালে সে দেশে ফিরবে না! সরকারও স্পষ্ট জানিয়ে দিয়েছে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্য দিল্লিতে আলাদা কোনো ফ্লাইট যাবে না।
ইতোপূর্বে শেখ হাসিনা দাবি করেছিল, বাংলাদেশ সেনাবাহিনী যেনো তাকে বিমানে করে নিয়ে আসে। শেখ হাসিনার এই অনুরোধে সেনাবাহিনীর পক্ষ থেকেও কোনো সাড়াশব্দ দেয়নি, দেওয়ার সুযোগও নেই।
আর পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি নানক-নাছিমদের পেট্রাপোল সীমান্ত ভিজিট করার তথ্যও সঠিক নয়। ডেইলি ওয়াদা এ সংক্রান্ত একটি রিপোর্ট করেছে। সেখানে ইন্ডিয়ান আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার পলাতক নেতার বৈঠকের সত্যতা নেই। অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে পেট্রাপোল সীমান্তে পলাতক চার নেতার বৈঠকের স্ট্যান্টবাজি করা হয়েছে।
তাহলে শেখ হাসিনার ফেরার পথ কী? গুজব ছাড়িয়েছে শেখ হাসিনা নাকি পাসপোর্ট ও এনআইডির আবেদন করার জন্য নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশনে যাবে! কারণ মেট্রিক্স চেম্বার্সের স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে। তবে অবস্থা যাইহোক না কেনো, কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীর পাসপোর্ট বা এনআইডি পাওয়ার সুযোগ নেই। এবিষয়ে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, নয়াদিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে আসামাত্র শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।
আর শেখ হাসিনা গ্রেপ্তার হলে ভারত তাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে বাধ্য থাকবে। এক্ষেত্রে বাংলাদেশও প্রস্তুত হ্যান্ডকাপ পরা শেখ হাসিনাকে বরণ করে নিতে... সরকারের পক্ষ থেকেও সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কিন্তু শেখ হাসিনা তো ফাঁসিতে ঝুলতে ফিরবে না বলে জানিয়ে দিলো, এখন আগুনসন্ত্রাসীদের কী হবে?