পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদি উগ্রপন্থীদের হামলা ‘সয়ং ঈশ্বরের ওপরই আঘাত’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। কঠোর ভাষায় সমালোচনা করেছেন ইসরায়েলের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আইজ্যাক আমিতও। বসতি স্থাপনকারীদের ‘সশস্ত্র গোষ্ঠীগুলোর’ সহিংসতা ঈশ্বরের নামের অবমাননা এবং তা খোদ জায়নবাদী আদর্শের জন্যই হুমকি বলে মনে করেন তিনি।
জেরুজালেমে ইএলনেট সম্মেলনে হেরজগ বললেন, ‘এখানে কোনো অস্পষ্টতার সুযোগ নেই। পশ্চিম তীর—জুদিয়া ও সামারিয়া—অথবা অন্য কোথাও নিরীহ মানুষ ও জনপদের ওপর ইহুদি উগ্রপন্থীদের সহিংসতা ঘৃণ্য এবং এর কঠোর নিন্দা জানানো উচিত।’
তার ভাষ্য, ‘এটি শুধু ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট মানুষের ওপরই আঘাত নয়, বরং আমাদের নৈতিক মূল্যবোধ, জাতি হিসেবে আমাদের ইতিহাস এবং স্বয়ং ঈশ্বরের ওপরও আঘাত। এটি কোনোভাবেই ইসরায়েলের প্রতিনিধিত্ব করে না।’
বিদেশি কূটনীতিক ও আইনপ্রণেতাদের উদ্দেশে হেরজগ বলেন, ‘আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ভয়াবহ নৈতিক কলঙ্ক দূর করতে নিরলসভাবে কাজ করছে। আমাদের ইহুদি, ইসরায়েলি ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, তদন্ত ও বিচারের আওতায় আনা হবে।’
এদিকে, পশ্চিম তীরের মধ্যাঞ্চলের বুরকা গ্রামের ফিলিস্তিনি বাসিন্দারা আইনি হস্তক্ষেপের জন্য ‘অত্যন্ত জরুরি’ আবেদন জানান। গ্রামের কাছের অবৈধ বসতি থেকে আসা উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের নিয়মিত হামলার শিকার হচ্ছেন তারা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া সিদ্ধান্তে ইসরায়েলের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট আইজ্যাক আমিত প্রশ্ন তুলেছেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার আইনি দায়িত্ব ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ যথাযথভাবে পালন করছে কি না।
ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি দেখছেন একজন ফিলিস্তিনি— রয়টার্সবসতি স্থাপনকারীদের ব্যাপক সহিংসতার কঠোর সমালোচনা করে আমিত বলেন, এসব কর্মকাণ্ড ‘ইহুদি ও সর্বজনীন মূল্যবোধ এবং জায়নবাদের ভিত্তির ওপর মারাত্মক আঘাত হানছে’। একই সঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, যা দেশটির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা বাড়াচ্ছে।
আমিত তার রায়ে লেখেন, ‘এটি একটি পরিকল্পিত ও ধারাবাহিক ঘটনা। দাঙ্গাকারীরা ফিলিস্তিনি বাসিন্দাদের বাড়িঘর, গ্রাম ও বাগানে ঢুকে পড়ে। তাদের নির্মমভাবে মারধর করে, আহত করে, গবাদিপশু চুরি ও হত্যা করে, মুরগির খামারে আগুন দেয়, ফসল ও গাছপালা ধ্বংস করে, পানির ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে। আধিপত্য ও ঔদ্ধত্যের মনোভাব নিয়ে তারা ফিলিস্তিনিদের উঠান ও জমিতে ঘুরে বেড়ায় এবং নানাভাবে তাদের হয়রানি করে।’
সুপ্রিম কোর্টের বিচারপতি ইয়ায়েল উইলনার ও রুথ রোনেনের সঙ্গে দেওয়া ওই রায়ে আমিত আরও বলেছেন, ‘এসব কর্মকাণ্ড আইনের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্র হিসেবে ইসরায়েলের আন্তর্জাতিক ভাবমূর্তির মারাত্মক ক্ষতি করছে। এর ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের যে আশঙ্কা তৈরি হচ্ছে, তারও সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। এমনকি এটা বললেও অত্যুক্তি হবে না যে, তাদের কর্মকাণ্ড ইহুদিবিদ্বেষের আগুনে ঘি ঢালছে।’
আমিত লেখেন, ‘দাঙ্গাকারীরা জায়নবাদী স্বপ্নের ভিত্তি দুর্বল করে দিচ্ছে। সেই স্বপ্ন ছিল ঘরবাড়ি নির্মাণ, জমি চাষ ও বৃক্ষরোপণের; উপড়ে ফেলা, ধ্বংস, অগ্নিসংযোগ ও নিশ্চিহ্ন করার নয়।’
তিনি আরও বলেন, ‘দাঙ্গাকারী ও লুটেরাদের কর্মকাণ্ড প্রকাশ্যে ঈশ্বরের নামের অবমাননা—এ নিয়ে কোনো সন্দেহ নেই।’ বসতি স্থাপনকারীদের উগ্রপন্থীদের এসব কর্মকাণ্ড ‘ইহুদি নৈতিকতার মৌলিক নীতির পরিপন্থী’ বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তালমুদ থেকে একটি উদ্ধৃতি তুলে ধরেন, যেখানে বলা হয়েছে, সব মানুষই ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি।
আমিত আরও বললেন, ‘দাঙ্গাকারীদের কর্মকাণ্ডের কথা শুনলে যে কারও মনে প্রশ্ন জাগবে, তারা কোথা থেকে এমন শিক্ষা ও পূর্বপুরুষদের ঐতিহ্য পেয়েছে।’
নিরাপত্তা বাহিনী কীভাবে কাজ করবে, সে নির্দেশনা দেওয়া আদালতের কাজ নয় বলে উল্লেখ করেন আমিত। তবে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে বুরকার বাসিন্দাদের সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আদালতকে জানাতে প্রতিরক্ষামন্ত্রী, ইসরায়েলি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান, অন্যান্য সামরিক কর্মকর্তা ও পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।
বসতি স্থাপনকারীদের লাগামহীন সহিংসতার পরিণতি সম্পর্কে এর আগেও নেতানিয়াহু ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট হারজগ। গত মাসে লেখা এক চিঠিতে তিনি জনবল ও আইন প্রয়োগের সরঞ্জামের সংকটের কথা উল্লেখ করে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এর মধ্যে ব্যাপক গ্রেপ্তার ও প্রশাসনিক আটক রাখার ব্যবস্থাও রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ‘দৃশ্যমান আইন প্রয়োগ ও কার্যকর প্রতিরোধব্যবস্থা না থাকলে আমরা বিপর্যয়ের মুখে পড়ব।’
তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল