গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীদের তৎপরতা এবং বিচ্ছিন্ন নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে রাজপথে নিজেদের সাংগঠনিক ও রাজনৈতিক অবস্থান শক্তিশালী রাখতে বহুমুখী প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি। ডিসেম্বর জুড়ে কর্মসূচির মাধ্যমে রাজধানীসহ সারাদেশে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি দক্ষিণাঞ্চলের সংসদ সদস্যদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দিয়েছে দলের হাইকমান্ড।
বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, শেখ হাসিনার কথিত স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। বিশেষ করে বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে দলটির নেতাকর্মীদের মাঠে নামানোর প্রচেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রচারণা রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করতে পারে। এ অবস্থায় বিএনপি রাজপথে সাংগঠনিক শূন্যতা রাখতে চায় না। দলটির লক্ষ্য, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়িয়ে রাজধানীসহ গুরুত্বপূর্ণ জেলাগুলোতে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখা।
সম্প্রতি শেখ হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জে পুলিশের থানায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট, সড়কের দুই পাশের গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিএনপি নেতারা মনে করছেন, এ ধরনের তৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিকভাবেও সতর্ক থাকতে হবে।
দক্ষিণাঞ্চলে বিশেষ গুরুত্ব
দক্ষিণাঞ্চলে বিএনপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী করতে সম্প্রতি সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কার্যক্রমের সমন্বয়ের পাশাপাশি দলীয় সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামা ওবায়েদ, শহিদুল ইসলাম বাবুল, এস এম জিলানী, চৌধুরী নায়াব ইউসুফ, সেলিমুজ্জামান মোল্যা ও কে এম বাবর। এ ছাড়া ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের সংসদ সদস্যদের মধ্যে রাজনৈতিক সমন্বয় ও যোগাযোগ জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেক সংসদ সদস্য নিজ নিজ নির্বাচনি এলাকায় বিএনপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী করতে কাজ করবেন। আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা ও নাশকতা মোকাবিলায় সমন্বিত অবস্থান নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের একই সাংগঠনিক কাঠামোর আওতায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রংপুর অঞ্চলেও হুইপদের উদ্যোগে সংসদ সদস্যদের নিয়ে বৈঠক হয়েছে। এসব বৈঠকে দলীয় সাংগঠনিক অবস্থা পর্যালোচনা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
ডিসেম্বরজুড়ে ঢাকার রাজপথে বিএনপি
এদিকে বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে রাজধানী ঢাকার রাজপথে মাসব্যাপী কর্মসূচি পালনের পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলীয় ও রাষ্ট্রীয় বিভিন্ন দিবস উপলক্ষে কর্মসূচি পালনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে নেতাকর্মীদের সক্রিয় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, ডিসেম্বর জুড়ে দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এ ছাড়া ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি থাকবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রথম বার্ষিকী উপলক্ষেও দলীয় কর্মসূচি নেওয়া হয়েছে।
রিজভী বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি দল হিসেবে এটিই বিএনপির প্রথম বিজয় মাস উদযাপন। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে দলের অবস্থান সাধারণ মানুষের কাছে তুলে ধরাও এসব কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ঢাকায় বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পাশাপাশি তারেক রহমানের দেশে ফেরার দিনটিও গুরুত্বের সঙ্গে উদযাপন করা হবে।
বিএনপি সূত্র জানায়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে নিজেদের সক্রিয় রাখার চেষ্টা করছেন। সরকারও সম্ভাব্য নাশকতা ও সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে। সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও বিএনপি নেতাদের ধারণা, শেখ হাসিনার দেশে ফেরার মতো বাস্তব পরিস্থিতি না থাকলেও এ ঘোষণাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা হতে পারে। এ কারণে ডিসেম্বরজুড়ে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার পরিকল্পনা করছে বিএনপি।
দুই সপ্তাহে পূর্ণাঙ্গ হচ্ছে ঢাকার দুই কমিটি
রাজধানীর সাংগঠনিক নিয়ন্ত্রণ ধরে রাখতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের হাইকমান্ড আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে কাজ শুরু করেছেন।
বিএনপির নীতিনির্ধারকদের মতে, ঢাকা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। এখানকার রাজপথে সাংগঠনিক শক্তি ধরে রাখা মানে জাতীয় রাজনীতিতেও নিজেদের অবস্থান সংহত রাখা। তাই মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে দ্রুত যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে নেতাকর্মীদের সক্রিয় রাখতে চায় দলটি। একই সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি ও বিশৃঙ্খলার অভিযোগ থেকে দলকে মুক্ত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্প্রতি ঢাকা মহানগর উত্তর বিএনপির আগের কমিটি মিরপুরের আলোচিত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনার পর বিলুপ্ত ঘোষণা করা হয়। নতুন দায়িত্ব পাওয়া নেতাদের দ্রুত সাংগঠনিক কার্যক্রম শুরু এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আংশিক কমিটি ঘোষণার পর দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতারা। কারণ, সীমিতসংখ্যক পদের বিপরীতে শত শত যোগ্য ও আগ্রহী নেতার মধ্য থেকে নেতৃত্ব বাছাই করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকা। তাই ডিসেম্বরে কর্মসূচিতে মাঠে থাকতে ঢাকার সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করা এবং সম্ভাব্য যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় রাজপথে সক্রিয় ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই আংশিক কমিটিকে জরুরিভিত্তিতে পূর্ণাঙ্গ করা হবে। দলের হাইকমান্ড বেশ কিছু কৌশলগত প্রাধান্য নির্ধারণ করেছেন। থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূইয়া জুয়েল বলেন, ডিসেম্বরে পুরো মাসজুড়ে ঢাকাসহ দেশব্যাপী কর্মসূচি আছে। আমরা মাঠে থাকব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও গাইডলাইন মেনে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আংশিক কমিটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, দলের শীর্ষ নেতৃত্ব বিতর্কিত বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাদ দিয়ে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার ওপর জোর দিচ্ছেন। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে তরুণ ও মাঠপর্যায়ে জনপ্রিয় সাবেক ছাত্রনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। কেন্দ্রের পরিচিত মুখের পাশাপাশি তৃণমূলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা ও সাংগঠনিক দক্ষতাসম্পন্ন নেতাদের মূল্যায়ন করা হবে। একই সঙ্গে বিগত ১৭ বছরে মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েও যারা দল ছাড়েননি, পূর্ণাঙ্গ কমিটিতে তাদের যথাযথ মূল্যায়নের বিষয়টিও গুরুত্ব পাবে।
সম্প্রতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির এক মতবিনিময় সভায় রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকার বিষয়ে আলোচনা হয়েছে।
রাজনৈতিক আধিপত্যের পাশাপাশি স্থানীয় নির্বাচনেও নজর
বিএনপির নেতারা মনে করছেন, ঢাকার রাজপথে সাংগঠনিক অবস্থান ধরে রাখা শুধু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলার বিষয় নয়; ভবিষ্যৎ স্থানীয় সরকার নির্বাচনেও এর প্রভাব পড়বে। রাজধানীতে জনসম্পৃক্ততা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে দলের অবস্থান তুলে ধরতে চায় বিএনপি। সে ক্ষেত্রে ডিসেম্বরজুড়ে কর্মসূচি পালনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
দলটির লক্ষ্য, রাজধানীতে কোনো ধরনের সাংগঠনিক শূন্যতা তৈরি হতে না দেওয়া এবং সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতিতে দ্রুত নেতাকর্মীদের সংগঠিত করা। গত ১৭ বছরে বিরোধী দলে থাকাকালে ঢাকার রাজপথে আন্দোলন-সংগ্রামে যে সাংগঠনিক সীমাবদ্ধতা তৈরি হয়েছিল, ক্ষমতায় এসে তা কাটিয়ে উঠতে চায় বিএনপি। তবে রাজনৈতিক শক্তি প্রদর্শনের পাশাপাশি পরিচ্ছন্ন ভাবমূর্তি বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখাও দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।